নিজস্ব সংবাদদাতা , আদ্রা :
১০ ডিসেম্বর, ২০২০
গত ২৫ মার্চ ২০২০ থেকে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। যার ফলে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে বহু মানুষকে। তাই অবিলম্বে ট্রেন চালানোর দাবি জানিয়ে দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের ডিআরএম অফিসে আজ, বৃহস্পতিবার বিক্ষোভ দেখালো সিপিআই(এম)-এর কাশীপুর উত্তর এরিয়া কমিটি। অবিলম্বে ডিভিশনের বিভিন্ন প্যাসেঞ্জার ও লোকাল ট্রেন চালানোর দাবি জানিয়ে একটি গণ স্বাক্ষর সম্বলিত দাবিপত্রও ডিআরএম দপ্তরে পেশ করা হয়েছে বিক্ষোভকারীদের পক্ষে। বৃহস্পতিবার সিপিআইএম-এর কাশীপুর উত্তর এরিয়া কমিটির এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের নেতৃত্ব দেন প্রবীণ বামপন্থী নেতা তথা প্রাক্তন সাংসদ বাসুদেব আচারিয়া।
এদিন সিপিআইএম-এর কাশীপুর উত্তর এরিয়া কমিটির পক্ষে দাবি করা হয়, আদ্রা ডিভিশনের সমস্ত রুটে লোকাল ট্রেন, চক্রধরপুর-হাওড়া প্যাসেজ্ঞার, পুরুলিয়া এক্সপ্রেস, রূপসী বাংলা এক্সপ্রেস, পুরুলিয়া-ভেল্লাপুরম এক্সপ্রেস সহ বিভিন্ন ট্রেন পরিষেবা যেন অবিলম্বে চালু করা হয়। এদিনের বিক্ষোভ সভায় বাসুদেব আচারিয়া ছাড়াও বক্তব্য রাখেন এরিয়া কমিটির সম্পাদক নরেন মুখোপাধ্যায়, দলের জেলা কমিটির সদস্যা অঞ্জনা রায় প্রমুখ। চলতি বছরের মার্চ মাস থেকে লকডাউনের কারনে ট্রেন চলাচল বন্ধ থাকায় বিপুল সংখ্যক মানুষ যে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন, এদিন বক্তাদের বক্তব্যে সে বিষয়টিও জোরালো হয়ে উঠে এসেছে।
শেয়ার করুন