নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া :
০২ ফেব্রুয়ারি, ২০২১
নিজের বাড়ির পাশাপাশি তিনজন বন্ধুর বাড়িতেও দলীয় পতাকা লাগানোর কর্মসূচি শুরু করল পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস। রবিবার তৃণমূলের পুরুলিয়া জেলা সভাপতি গুরুপদ টুডু নিজের বাড়িতে দলীয় পতাকা লাগিয়ে এই কর্মসূচির সূচনা করেন। কর্মসূচি চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। শাসকদল তৃণমূলের আশা এই কর্মসূচির মধ্যদিয়েই জেলার প্রতিটি গ্রামেই বিধানসভা ভোটের প্রচার শুরুর আগেই দলীয় পতাকা লাগানোর কাজ সম্পূর্ণ হয়ে থাকবে। আনুষ্ঠানিক ভাবে ভোট প্রচার শুরুর আগেই এই কর্মসূচির মধ্যদিয়ে জেলাজুড়ে নিজেদের শক্তিও যাচাই হবে বলে মনে করছেন জেলা তৃণমূল নেতারা।
এবিষয়ে পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি গুরুপদ টুডু বলেন, এদিন মানবাজার ১ ব্লকের কাতলাগোড়া গ্রামে নিজের বাড়িতে দলীয় পতাকা লাগিয়ে এই কর্মসূচির সূচনা করেছি। একই সঙ্গে আমার তিনজন সহকর্মী সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়,কো-অর্ডিনেটর সুষেণ মাঝি ও মিনু বাউরিকেও নিজেদের বাড়িতে দলীয় পতাকা লাগানোর কথা বলেছি। তাঁরা পতাকা লাগিয়েও ফেলেছেন। গুরুপদবাবু আরও বলেন, নিজে এবং নিজের তিনজন বন্ধু বা সহকর্মীর বাড়িতে দলীয় পতাকা লাগানোর চ্যালেঞ্জ আমরা গ্রহণ করেছি। বাকি নেতাকর্মীদেরও এই চ্যালেঞ্জ গ্রহণ করে তৃণমূল কর্মী হিসাবে প্রমাণ দেওয়ার আবেদন জানিয়েছি।
এবিষয়ে জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর সুষেণ মাঝি বলেন, নিজেকে তৃণমূল কর্মী হিসাবে প্রমাণ করার চ্যালেঞ্জ আমিও গ্রহণ করেছি। আমিও তিনজনের বাড়িতে পতাকা লাগানো নিশ্চিত করেছি। সুষেণবাবু আরও বলেন, এই কর্মসূচির মাধ্যমে একদিকে যেমন গোটা জেলাজুড়ে তৃণমূল কর্মীরা উজ্জীবিত হবেন। সেই সঙ্গে বিধানসভা ভোটের প্রচার পুরোদমে শুরু হওয়ার আগেই পুরুলিয়া জেলার প্রতিটি গ্রামে ঘরে ঘরে ঘাসফুলের পতাকা উড়তে শুরু করবে। যা প্রচারে দলকে বাড়তি অক্সিজেন জোগাবে। জেলা তৃণমূল কংগ্রেস সূত্রে জানাগিয়েছে, এর আগে নিজের গ্রামে কোনও দলীয় কর্মসূচি পালনের লক্ষ্য থাকলেও এবারের কর্মসূচি খানিকটা আলাদা। যে কর্মী বা নেতা রাজনীতির যে স্তরে কাজ করছেন তাঁকে সেই স্তরেরই তিনজনের বাড়িতে পতাকা লাগানোর চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। জেলা,ব্লক,অঞ্চল থেকে বুথ স্তরে পর্যন্ত এই কর্মসূচি সঠিক ভাবে রূপায়ন করতে পারলেই এলাকায় কর্মীদের মনোবল অনেকখানি বাড়বে। এবিষয়ে গুরুপদবাবু আরও বলেন, বিধানসভা ভোটের কথা মাথায় রেখে সবরকম প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। পতাকা লাগানো ছাড়াও ব্লক স্তরে এবং অঞ্চল স্তরের কিভাবে ভোটের রণকৌশল ঠিক করা হবে সেবিষয়ে আলোচনা শুরু হয়েছে। ব্লক স্তরে সম্মেলন আগেই হয়েছে। অঞ্চল স্তরেও সম্মেলন দ্রুত শেষ করা হবে। বিজেপিকে কুৎসা রুখতে সোশ্যাল মিডিয়ার পাশাপাশি মাঠেঘাটে সর্বত্র দলের কর্মীরা সমানে সমানে লড়াই করার পরিকল্পনা করে ফেলেছে জেলা তৃণমূল।
শেয়ার করুন