নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া :
৪ মার্চ, ২০২১

আসন্ন বিধানসভা নির্বাচনে পুরুলিয়া জেলার বেশ কয়েকটি কেন্দ্রে বাম-কংগ্রেস জোটে ফাটল দেখা দিতে পারে। এমনকি জেলার তিন থেকে চারটি কেন্দ্রে এবার চতুর্মুখী লড়াই হওয়ারও সম্ভবনা তৈরী হয়েছে। জেলার রাজনৈতিক অভিজ্ঞরা বলছেন তেমন হলে আসন্ন নির্বাচনে জেলার ভোট সমীকরণটাই পাল্টে যাবে। ইতিমধ্যে পুরুলিয়ার ‘নেপাল-গড়ে’ ফরওয়ার্ড ব্লক দেবরঞ্জন মাহাতকে প্রার্থী হিসেবে প্রোজেক্ট করে দেওল লিখন শুরু করে দিয়েছে।

ফরওয়ার্ড ব্লকের পুরুলিয়া জেলা সম্পাদক মন্ডলীর সদস্য তথা জেলার বিশিষ্ট চিকিৎসক অসীম সিংহ জানান, বাঘমুন্ডি, জয়পুর সহ জেলার বেশ কয়েকটি আসনে আমাদের বিপুল ভোট ব্যাঙ্ক রয়েছে। এমনকি বিগত সময়ে এই সমস্ত কেন্দ্রগুলিতে ফরওয়ার্ড ব্লকের যেভাবে জনসংযোগ বেড়েছে, তা নজিরবিহীন। জোট সঙ্গী কংগ্রেসের ওপর একরাশ ক্ষোভ উগরে দিয়ে অসীম বাবুর বক্তব্য, ‘কিন্ত আমাদের জোট সঙ্গী কংগ্রেস ইতিমধ্যে আসন বন্টনের আলোচনা ছাড়াই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তারাই বাঘমুন্ডি ও জয়পুরে জোটের প্রার্থী দেবে’। অসীম সিংহ বলেন, জয়পুরে ফরওয়ার্ড ব্লককে না ছাড়লে কমপক্ষে জেলার চার-পাঁচটি কেন্দ্রে কংগ্রেসের বিরুদ্ধে ফরওয়ার্ড ব্লক নিজেদের গোঁজ প্রার্থী দেবে। তবে বাঘমুন্ডি ও জয়পুর ছাড়া আরো কোন দুটিতে তাঁরা গোঁজ প্রার্থী দিয়ে দেবেন, তা অবশ্য পরিস্কার করেন নি ফব-র জেলা সম্পাদক মন্ডলীর সদস্য। বরং তাঁর অভিযোগ, ‘রাজ্যজুড়ে বাম-কংগ্রেস জোটের প্রাথমিক শর্ত ধরা হচ্ছে ২০১৬-র বিধানসভা নির্বাচনে এই দুই জোট সঙ্গীর কে কোথায় বেশি ভোট পেয়েছে, তার ভিত্তিতেই এবার আসন বন্টন করা হবে। অসীম বাবুর প্রশ্ন, তাহলে পুরুলিয়া জেলায় কংগ্রেস কেন পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনের হিসেবে আসন চাইতে পারে? এমনকি অসীম সিংহ-র এমনও বক্তব্য, ‘যদি তাই-ই হবে, তাহলে গত লোকসভা নির্বাচনে পুরুলিয়া বিধানসভায় কংগ্রেসের (৮৮৯২) চেয়ে ফরওয়ার্ড ব্লকই (৯৯৯৪) তো বেশি ভোট পেয়েছিলো। অসীম বাবু আরো বলেন, বিগত লোকসভা নির্বাচনে পাড়া বিধানসভাতেও তো কংগ্রেসের (৫৫৮২) চেয়ে বামপন্থীরা (৯০৪৮) অনেক বেশি ভোটে এগিয়ে ছিল। সেক্ষেত্রে বামপন্থীরা এই দুটি আসন চাইতে পারে, এমন আশঙ্কা করেই কি কংগ্রেস পুরুলিয়া সিটে কোনরকম আলোচনার আগেই পার্থ বাবুর নাম প্রস্তাব করে দিলো? প্রশ্ন অসীম সিংহ-র।

প্রসঙ্গত পুরুলিয়া জেলার ৯ টি আসনের মধ্যে তারা যে ৫ টি কেন্দ্রে জোটের পক্ষে প্রার্থী দেব, আগেভাগেই তেমনই দাবি করে বসে আছে জেলা কংগ্রেস। এমনকি তাঁদের দাবির মধ্যে যে বাঘমুন্ডি, জয়পুর, পাড়া ও পুরুলিয়া বিধানসভা থাকছেই, তেমন আগেভাগেই জানিয়ে দিয়েছিলেন জেলা কংগ্রেস নেতৃত্ব। তেমন হলে জেলাতে নির্বাচনের সমীকরণটাই যে এবার উলোট-পালোট হয়ে যেতে পারে, তেমনই আশঙ্কা করছেন রাজনৈতিক অভিজ্ঞরা।

শেয়ার করুন

You cannot copy content of this page