নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া :
৪ মার্চ, ২০২১
পুরুলিয়া জেলার মহিলা ভোটাররা আসন্ন বিধানসভা নির্বাচনে কোন রাজনৈতিক দলের পক্ষে নিজেদের রায় দেবেন, সেই দলের পালে এবার বাতাস লাগার সমূহ সম্ভাবনা রয়েছে। অন্ততঃ জেলার রাজনৈতিক তথ্যাভিজ্ঞদের এরকমই অভিমত। প্রসঙ্গত সম্প্রতি জেলা প্রশাসন সামগ্রিকভাবে পুরুলিয়া জেলার যে ভোটার সংখ্যা প্রকাশ করেছে, তার প্রেক্ষিতেই এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই জেলার রাজনৈতিক পরিসরে এই আলোচনার সূত্রপাত হয়েছে।
পুরুলিয়া জেলা প্রশাসন তথা জেলা নির্বাচন দপ্তর সম্প্রতি জেলার সামগ্রিক যে নতুন ভোটার তালিকা প্রকাশ করেছে তাতে দেখা গিয়েছে পুরুষ ও মহিলা ভোটারের আনুপাতিক হারের গড় ৯৬৫। অর্থাৎ সামগ্রিকভাবে জেলাতে গড়ে প্রত্যেক ১ হাজার পুরুষ ভোটারের পাশাপাশি মহিলা ভোটারের সংখ্যা ৯৬৫ জন। জেলার কাশীপুর বিধানসভায় এই অনুপাত সর্বাপেক্ষা অধিক, ৯৯১। অর্থাৎ প্রতি ১ হাজার পুরুষ ভোটারের বিপরীতে কাশীপুরে মহিলা ভোটারের সংখ্যা ৯৯১ জন। এমনকি জেলার প্রত্যেকটি বিধানসভাতেই মহিলা ভোটারের অনুপাত ৯০০-র অধিক। যেমন মানবাজারে ৯৮৭, বান্দোয়ানে ৯৮৩, পুরুলিয়া বিধানসভায় ৯৭১ ইত্যাদি। একমাত্র পাড়া বিধানসভায় সবচেয়ে কম, ৯৩৫। জেলার ভোটার সংক্রান্ত জেলা প্রশাসনের সাম্প্রতিক রিপোর্টে আরো জানা গিয়েছে এবার জেলাতে নতুন যে ভোটার সংখ্যায় বৃদ্ধি ঘটেছে, তাতে পুরুষ ভোটারের তুলনায় মহিলা ভোটারের সংখ্যার বৃদ্ধি অনেক বেশি। বিগত নির্বাচনের তুলনায় ২০২১-এর আসন্ন বিধানসভা নির্বাচনে জেলাতে সামগ্রিকভাবে ভোটার বৃদ্ধি হয়েছে ৫৯ হাজার ৫২৯ জন। যার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যায় বৃদ্ধি ঘটেছে ২৭ হাজার ৬১০ জন এবং মহিলা ভোটারের সংখ্যায় বৃদ্ধি ঘটেছে ৩১ হাজার ৯১৫ জন। শতাংশের হিসেবে যা যথাক্রমে ৪৬.৩৮ শতাংশ এবং ৫৩.৬১ শতাংশ। অর্থাৎ দেখা যাচ্ছে জেলাতে সামগ্রিক ভাবে নতুন ভোটার সংযোজনে পুরুষ ভোটারের তুলনায় মহিলা ভোটারের সংযোজন ৭.২৩ শতাংশ বেশি।
শেয়ার করুন