নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া : ১১ মার্চ, ২০২১
নির্বাচনী প্রচারে পিছিয়ে থাকছে না জেলার বামপন্থীরাও। আসন্ন বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেস-আই এস এফ জোট নির্বাচনে লড়াই করছে এবার। ফেব্রুয়ারি মাসের শেষে কলকাতার ব্রিগেড সমাবেশে বিপুল জন সমাগম নির্বাচনের পরিসরে বামপন্থীদের বাড়তি অক্সিজেন জুগিয়েছে বলে মনে করছেন জেলার রাজনৈতিক অভিজ্ঞ মহল। দীর্ঘ সময়ের ব্যবধানের পর ২০২১-এর নির্বাচনের প্রাক্কালে তাই বামপন্থীদের নির্বাচনী প্রচারেও এবার অনেক বেশি উৎসাহ।

সম্প্রতি শাসক দলের ‘খেলা হবে’ স্লোগান একপ্রকার ছিনিয়ে নিয়েই জেলার বামপন্থীদের দেওয়াল লিখন, ‘খেলা হবে, খেলা হবে/লাল আবিরের খেলা হবে’ কিংবা ‘শিল্প হবে, চাকরি হবে/বেকার যুবক চারি পাবে’। পাড়া ও কাশিপুর বিধানসভায় জোটের পক্ষে নিজেদের দলীয় প্রার্থীদের প্রচারে এইভাবেই দেওয়াল জুড়ে ছড়া কাটছেন বাম কর্মী-সমর্থকেরা।
সিপিআইএম সূত্রে জানা গিয়েছে, জেলার সমস্ত কেন্দ্রে বাম শরিক ছাড়াও জোটের অন্যতম সঙ্গী কংগ্রেসকে সাথে নিয়ে যৌথ সমাবেশ, কর্মীসভা, প্রচার মিছিল শুরু হয়েছে। বৃহস্পতিবার সিপিআইএম-এর পুরুলিয়া উত্তর এরিয়া কমিটির আহ্বানে শহরের অলঙ্গিডাঙায় সিপিআইএম দলীয় কার্যালয়ে পুরুলিয়া বিধানসভার জোটের পক্ষে কংগ্রেস প্রার্থী পার্থ প্রতীম ব্যানার্জির উপস্থিতিতে বিশাল কর্মীসভা অনুষ্ঠিত হয়। এরিয়া কমিটির সম্পাদক নিলয় মুখার্জি জানিয়েছেন, বৃহস্পতিবারের কর্মীসভায় এরিয়া কমিটির কার্যালয়ে যে জনসমাগম দেখা গিয়েছে, তা জোটের পক্ষে পুরুলিয়ার মানুষের আস্থাকেই প্রতিষ্ঠা করে। নিলয়বাবু জানান, তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে আমাদের মূলত ইস্যু ভিত্তিক লড়াই। মূলত, সরকারি দপ্তরে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ, প্রতি বছর নিয়মিত টেট, এস.এস.সি সহ সরকারি চাকরির পরীক্ষার ব্যবস্থা করা, ১০০ দিনের কাজকে ন্যুনতম ১৫০ দিনের কাজে রূপান্তরিত করে গরীব মানুষের অধিক আয়ের ব্যবস্থা করা ইত্যাদি ইস্যু গুলিই নির্বাচনে এবার আমাদের প্রধান হাতিয়ার। এছাড়াও তৃণমূল যেভাবে ‘কাটমানি’ র দোকান খুলেছে তাতে সমাজের বিপুল সংখ্যক সাধারণ মানুষ চরম ক্ষুব্ধ। জোটের পক্ষে আমরা এর তীব্র বিরোধিতা করায় মানুষ আমাদের সমর্থনে বেরিয়ে আসছেন বলে দাবি উত্তর এরিয়া কমিটির সিপিআইএম দলীয় সদস্য ব্যোমকেশ দাস, প্রণব মুখোপাধ্যায় ও জীতেন ওঝার।


