নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া : ১১ মার্চ, ২০২১

জয়পুর বিধানসভার তৃণমূল প্রার্থী উজ্জ্বল কুমারের মনোনয়ন পত্র বাতিলের নির্বাচন কমিশনের সিদ্ধান্ত খারিজ করল হাইকোর্ট। ফলে বুধবার স্ক্রুটিনির দিন বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উজ্জ্বল কুমারের মনোনয়ন পত্র বাতিল হওয়ার পর জেলা তৃণমূলে যে অচলাবস্থা শুরু হয়েছিল, তা থেকে মুক্তি পেল দল বলে মনে করছেন দলেরই একাংশ।

জানা গিয়েছে, জয়পুর বিধানসভার তৃণমূল প্রার্থী উজ্জ্বল কুমার শেষ দিন অর্থাৎ ৯ মার্চ নিজের মনোনয়ন পত্র জমা দেন। কিন্ত হলফনামায় ভুল থাকায় বুধবার, স্ক্রুটিনির দিন তা বাতিল করে নতুন করে হলফনামা জমা করতে বলে নির্বাচন কমিশন। তবে পরবর্তী ক্ষেত্রেও তারিখে ভুল থাকায় তাও বাতিল করে নির্বাচন কমিশন। এরপরই বৃহস্পতিবার তৃণমূলের পক্ষে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে যায় তৃণমূল। পুরুলিয়া জেলা তৃণমূলের মুখপাত্র জানান, মাননীয় হাইকোর্ট এদিন তৃণমূল কংগ্রেস তথা দলীয় প্রার্থী উজ্জ্বল কুমারের পক্ষে রায় দিয়ে বলেন, ‘তারিখের ভুল গুরুত্বপূর্ণ বিষয় নয়।’ মাননীয় উচ্চ আদালত রায় দেন, এফিডেবিট (হলফনামা)-এর তারিখের ওপর ভিত্তি করে নির্বাচন কমিশন মনোনয়ন বাতিল করতে পারে না। জানাচ্ছেন তৃণমূলের জেলা মুখপাত্র নবেন্দু মাহালি।

শেয়ার করুন

You cannot copy content of this page