নিজস্ব সংবাদদাতা, বলরামপুর: ১৩ মার্চ, ২০২১
শুক্র ও শনিবারের সামান্য বৃষ্টিতেই জেলার বলরামপুরে রাস্তার চরম বেহাল দশার ছবি উঠে এল রাঙামাটি সংবাদ পুরুলিয়া-র ক্যামেরায়। পুরুলিয়া-টাটা ৩২ নম্বর জাতীয় সড়কের বলরামপুর পোষ্ট অফিস মোড়ের কাছে রাস্তার উপর গর্ত তৈরী হয়েছিল আগেই। স্থানীয় মানুষদের দাবি, শুক্রবার বিকেলের দিকে ও শনিবার সকালে অল্প বৃষ্টিতেই সেসমস্ত গর্ত মরণ ফাঁদে পরিণত হয়েছে। জেলার ব্যস্ততম সড়কগুলির মধ্যে অন্যতম বলরামপুরের এই রাস্তা ধরে প্রতিদিন বড় বড় লরি, বাস সহ প্রায় হাজার খানেক যানবাহন চলাচল করে। বলরামপুরের পথ চলতি মানুষ বলছেন, পোষ্ট অফিস মোড়ের কাছে রাস্তার যে বেহাল অবস্থা দাঁড়িয়েছে তাতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন তাঁরা। এদিকে ভোট আসতে আর মাত্র দু সপ্তাহ বাকি। চূড়ান্ত পর্যায়ের প্রচার পর্ব চলছে সমস্ত রাজনৈতিক দলের। রাস্তার বেহাল দশায় এলাকাবাসীর প্রশ্ন, ‘দায় কার?’। তবে তাঁরা একবাক্যেই বলছেন, ‘দায় যারই হোক ভুগতে হচ্ছে সাধারণ মানুষকেই’।

