নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া : ১৩ মার্চ, ২০২১
পুরুলিয়া জেলার ৮ টি বিধানসভার দলীয় প্রার্থীদের সমর্থনে ভোট প্রচারে জেলা সফরে আসছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্ব ভারতীয় যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়।
জেলা তৃণমূল সূত্রে জানা গিয়েছে আগামী ১৫ ই মার্চ সোমবার জেলা সফরে এসে দুটি জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওইদিন দুপুর ১ টায় ঝালদা হাটতলা ময়দানে প্রথম জনসভার পর বলরামপুরের রথতলা ময়দানে বেলা ৩ টেয় করবেন আরেকটি জনসভা।
১৬ মার্চ, মঙ্গলবার অভিষেক বন্দোপাধ্যায় আসবেন নির্বাচনী প্রচারে। পুরুলিয়া শহরের উপকণ্ঠে ছররা-তে জেলা তৃণমূলের এক জনসভাতে অংশগ্রহন করবেন তিনি। দলীয় সূত্রে জানা গিয়েছে, দলের সুপ্রিমো এবং সেকেন্ড ইন কমান্ডের জনসভা সফল করার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা নিয়েও যথেষ্ট চাপ রয়েছে পুরুলিয়া জেলা তৃণমূল নেতৃত্বের কাঁধে। ১৬ তারিখের অভিষেকের ছররা জনসভার সভাস্থলের বিবিধ প্রস্তুতির বিষয়ে তাই এলাকা সরেজমিনে পরিদর্শনে ব্যাস্ত দলীয় নেতা তথা পুরুলিয়া বিধানসভার তৃণমূলের প্রার্থী সুজয় বন্দোপাধ্যায় সহ জেলাতে দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীবৃন্দ। জানা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁদের এই দুদিনের জনসভা থেকেই জেলার ৮ টি বিধানসভায় দলীয় প্রার্থীদের পক্ষে ভোট প্রচার করবেন।


