নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়াঃ প্রয়াত হলেন পুরুলিয়ার প্রাক্তন সংসদ সদস্য বীর সিং মাহাত। শনিবার দুপুর নাগাদ পুরুলিয়া দেবেন মাহাত সদর হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা গিয়েছে, আচমকাই শ্বাস কষ্টের সমস্যা জনিত কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
প্রসঙ্গত ১৯৯১ সালের উপ নির্বাচনে সারা ভারত ফরওয়ার্ড ব্লকের প্রার্থী হিসেবে তিনি প্রথম পুরুলিয়া কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন। সেবার লোকসভা নির্বাচনে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ভারতের জাতীয় কংগ্রেস প্রার্থী তথা পুরুলিয়া বিধানসভার প্রাক্তন বিধায়ক ও পুরুলিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রয়াত কে রি সিংদেও-কে ১৩৩৭৩৬ ভোটে পরাস্ত করে সাংসদ নির্বাচিত হয়েছিলেন বীর সিং মাহাত। এরপর ১৯৯৬, ১৯৯৮,১৯৯৯ এবং ২০০৪ সালের নির্বাচনগুলিতেও জয়ী হয়েছিলেন সদ্য প্রয়াত এই বামপন্থী নেতা।
প্রাক্তন সাংসদের মৃত্যুতে জেলার রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে শনিবার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা গিয়েছে জেলার নেতা-কর্মী-সমর্থকেরা দলের জেলা কার্যালয়ে যথাযথ মর্যাদার সঙ্গে শ্রদ্ধা জানাবেন প্রয়াত প্রাক্তন সাংসদের পার্থীব শরীরের।
শেয়ার করুন