নিজস্ব সংবাদদাতা, ঝালদা: ১৯ এপ্রিল, ২০২১
উদ্ধার হওয়া হরিণটিকে রাখা হোক কোয়ারেন্টাইনে। দাবী ঝালদাবাসীর। সোমবার ঝালদা থানার তুলিন গ্রাম এলাকা থেকে ঝালদা বনদপ্তর একটি পূর্ণ বয়স্ক হরিণ উদ্ধার করে| বর্তমানে চূড়ান্ত কোভিড পরিস্থিতি। হু হু করে বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা। এদিকে হরিণটি লোকালয়ে এসে পড়ায় স্বাভাবিকভাবেই বহু মানুষের সংস্পর্শে এসেছে। ফলে সংক্রমণের সম্ভাবনার সন্দেহাতীত নয়। দাবি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জগদীশ মাহাতো ও কাঁসরা বন কমিটির সেক্রেটারি যতীন্দ্রনাথ মাহাতোর।
এদিন তাই উদ্ধার হওয়া হরিণটিকে বনে ফেরত পাঠানোর আগে যাতে দপ্তরের বিশেষ নজরদারিতে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়, ঝালদা বন দফতরের কাছে তেমনই দাবি জানিয়েছেন তাঁরা। জগদীশ মাহাতো ও যতীন্দ্রনাথ মাহাতো বলেন, বর্তমানে সংক্রমণ ভীষণ দ্রুত গতিতে বাড়ছে। হরিণটি বহু মানুষের সংস্পর্শে এসেছে। তাই দপ্তরের উচিত ১৪ দিন সেটির পরিস্থিতি দেখে হরিণটিকে বনে ফেরত পাঠানো। তা না হলে বনের অন্যান্য প্রাণীর ক্ষেত্রেও বিপদ ঘটতে পারে।

