নিজস্ব সংবাদদাতা, মানবাজার: ২৫ জুন, ২০২১
শুক্রবার জেলা জুড়ে “নো অ্যাক্সিডেন্ট ডে” অর্থাৎ দুর্ঘটনা বিহীন দিবস পালন করল পুরুলিয়া জেলা পুলিস। এদিন প্রায় সাড়ে চার হাজার পুলিসকর্মী জেলাজুড়ে সাধারণ মানুষকে সচেতন করতে পথে নামেন। এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিস সুপার পিনাকী দত্ত বলেন, পুলিস সুপারের নির্দেশে জেলাজুড়ে এ কর্মসূচি পালন করা হচ্ছে। বাইক চার চাকার আরোহীদের পাশাপাশি পথচলতি সাধারণ মানুষকেও ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করা হচ্ছে। এদিন প্রায় সাড়ে চার হাজার পুলিসকর্মী রাস্তায় নেমে সচেতন করেছেন। সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এই কর্মসূচী চলে। জেলাজুড়ে পথ দুর্ঘটনা কমানোর উদ্দেশ্যেই এই কর্মসূচি।
এদিন গোটা পুরুলিয়া জেলার সাথে সাথে মানবাজার থানা এলাকার বিভিন্ন মোড়ে সচেতনতার প্রচার চালানো হয়। এদিন মানবাজার থানার পুলিশের পক্ষ্য থেকে হেলমেট বিহীন আরোহীদের দাঁড় করিয়ে তাঁদেরকে সচেতন করা হয় এবং সচেতন আরোহীদের চকলেট ও গোলাপ ফুলের স্টিক তুলে দেওয়া হয় হাতে।পুলিশের এরকম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। এ বিষয়ে মানবাজার মহাকুমার এসডিপিও রাহুল পান্ডে জানান, একটি জীবন হারানো মানে গোটা পরিবারের কাছে অপূরণীয় ক্ষতি তাই গোটা পুরুলিয়া জেলার সাথে সাথে মানবাজার মহাকুমার বিভিন্ন থানাতেই এরকম কর্মসূচি নেওয়া হয়েছে। তবে এটা একদিনের ব্যাপার নয় আমাদের পক্ষ্য থেকে সচেতনতার প্রচার প্রায়ই চলতে থাকবে যাতে দুর্ঘটনা সংখ্যা আরো কমানো যায়। এদিনের এই সচেতনতার কর্মসূচিতে উপস্থিত ছিলেন মানবাজার সিআই সমীর সরকার, মানবাজার থানার ওসি দীপঙ্কর সরকার সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা।





