রিঙ্কু চট্টোপাধ্যায়
২৭শে জুন সিন্দারপট্টীর সঙ্কটমোচন ক্লাব আয়োজিত চিকিৎসা শিবির অনুষ্ঠিত হল বিজ্ঞান মঞ্চের সহযোগিতায়। সকালে বরাবাজারের চিকিৎসা শিবির সেরে এসে বিকেলে সিন্দারপট্টির এই শিবিরে আবারও উপস্থিত ছিলেন বিজ্ঞান মঞ্চের একমাত্র অক্লান্ত মানুষটি, ডাক্তার নয়ন মুখার্জি।
শহর সংলগ্ন দরিদ্র বস্তিবাসীর সেবায় স্থানীয় সঙ্কটমোচন ক্লাবের হনুমান মন্দির প্রাঙ্গনের মাঠে আয়োজিত এই চিকিৎসা শিবিরে প্রায় শখানেক রোগীর চিকিৎসা করেন ডাক্তার নয়ন মুখার্জি। বিজ্ঞান মঞ্চের সদস্য শৌভিক মুখার্জি, রথুলাল মুখোপাধ্যায় ও কল্যানী নন্দীর তৎপর সহযোগিতায় লাইনে দাঁড়ানো রোগীদের ওষুধ দেওয়া চলতে থাকে।উপস্থিত ছিলেন বিজ্ঞান মঞ্চের বর্ষীয়ান সদস্য প্রতীপ দাশগুপ্ত, দীনবন্ধু গোস্বামী, পৃথ্বীজিৎ নন্দ, কাঞ্চন সরকার প্রমুখ।
মাস খানেকের শিশু থেকে আশি বছরের বৃদ্ধ-বৃদ্ধারা লাইনে দাঁড়িয়ে নিজেদের শারীরিক অসুবিধার কথা ডাক্তারবাবুকে জানিয়ে বিনামূল্যে ওষুধ পেয়ে খুশি হয়ে ফিরে গেল। সঙ্কটমোচন ক্লাবের উদ্যোক্তা ভাই লাহা,গৌতম ভুঁইয়া জানালেন লকডাউনে দুঃস্থ মানুষের সেবায় তারা বেশ কিছু উদ্যোগ নিয়েছে। এই চিকিৎসা শিবিরে আসা শতাধিক রোগীর জন্য এই শিবিরের ব্যবস্থা করা তার মধ্যে অন্যতম। এই শিবিরে আসা রোগীরা বেশির ভাগই কেউ গৃহপরিচারিকা,কেউ কেউ শহরের ব্যবসাদারদের কর্মচারী, বেশিরভাগই দিন আনা দিন খাওয়া মানুষজন।
সামান্য আয়ে যেখানে ঘর চালানোই অসম্ভব, সেখানে ফিস দিয়ে ডাক্তার দেখানো বা ওষুধ কেনা ওদের কাছে খুবই কষ্টকর। তাই স্থানীয় ক্লাবের এই উদ্যোগ সাধনা বাউরি, বীরু রায়,মিঠু সহিস,রেনুকা বাউরি ওদের কাছে বিশেষ আশীর্বাদ। ডাক্তারবাবুও হাসিমুখে এইসব রোগীর চিকিৎসা করে যাচ্ছেন অকৃপণভাবে।
এরপর বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে বাচ্চাদের বিস্কুটের প্যাকেট আর ৫০টি দরিদ্র পরিবারের হাতে কিছু খাদ্যসামগ্রী তুলে দেওয়া হল।
এভাবেই চলেছে বিজ্ঞান মঞ্চ পুরুলিয়ার পাড়ায়, পাড়ায়, গ্রামে গ্রামে।


