নিজস্ব সংবাদদাতা,পুরুলিয়া, ৩ আগস্ট ২০২১ঃ
মঙ্গলবার সকাল থেকে পুরুলিয়া শহরে মালিকানাহীন গরু- মোষকে সরানোর বিশেষ অভিযানে নামল পুরুলিয়া পুরসভা। রাস্তা থেকে গরু-মোষকে গাড়িতে করে তুলে নিয়ে গিয়ে শহরের গোশালাতে রাখা হবে। শহরের রাস্তা যানজট মুক্ত করতেই এই উদ্যোগ বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে।
এবিষয়ে পুরুলিয়া পুরসভার প্রশাসক মৃগাঙ্ক মাহাত বলেন, পুরসভার বিভিন্ন রাস্তায় যততত্র গরু মোষ ঘুরে বেড়ায়। এক জায়গায় রাস্তার উপরে বসেও থাকে একাধিক গবাদি পশু। ফলে রাস্তায় গাড়ি চলাচলের সমস্যা হয়। যানজটও হয়।দুর্ঘটনাও ঘটে।তাই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সদর থানার পুলিস এবং গোশালা কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা হয়েছে। একসঙ্গেই যৌথভাবে অভিযান হয় । মৃগাঙ্কবাবু আরও বলেন, মঙ্গলবার সকাল ৮ টা থেকে এমভিআই স্কুল মোড় থেকে এই অভিযান শুরু হয় । গরু মোষদের গাড়ি তুলে গোশালা পৌঁছে দেওয়া হবে। সেখানেই আপাতত রাখা হবে।
প্রতিটি গরু পিছু দিনে প্রায় ২০০ টাকা খরচ হবে। পুরসভা অর্ধেক খরচ দেবে এবং বাকিটা দেবে গোশালা কর্তৃপক্ষ। পুরসভা সূত্রে আরও জানাগিয়েছে, পরে গরুর মালিক গিয়ে নির্দিষ্ট প্রমান দিয়ে গবাদি পশু গুলি ফিরিয়ে নিতে পারবেন। তবে যে কয়েকটা দিন গোশালা তে রাখা হবে তার খরচ মালিককে দিতে হবে। লাগাতার এই অভিযান চলবে বলে পুরসভা সূত্রে জানাগিয়েছে।
শেয়ার করুন
