নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া: ১৪ আগষ্ট ২০২১

গত ২১ ও ২২শে ফেব্রুয়ারী ২০২১ পুরুলিয়া বিজ্ঞান মঞ্চের উদ্যোগে অলঙ্গিডাঙা রাজস্থান বিদ্যাপীঠে কোলকাতা থেকে আগত তিন সদস্যের একটি দল পুরুলিয়া জেলা বিজ্ঞান মঞ্চের মহিলা সদস্যদের যে প্রশিক্ষণ দিয়ে গেছিলেন তারই পরীক্ষামূলক কর্মশালা অনুষ্ঠিত হল আজ, ১৪ই আগস্ট গিরীশচন্দ্র বিদ্যাপীঠের হলঘরে।

বিজ্ঞান মঞ্চের সক্রিয় সদস্য সঞ্জয় অধিকারী কোষাধ্যক্ষ তরুণ লাহিড়ীর উপস্থিতিতে সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা কস্তুরী মুখার্জি।

প্রথমেই বিজ্ঞান মঞ্চের গান দিয়ে অনুষ্ঠান শুরু হয়। উপস্থিত কস্তুরী মুখার্জি, পাপিয়া সরকার, সুমিত্রা গায়েন প্রমুখরা রান্নাঘরে বিজ্ঞান চর্চায় সুফল-এই কর্মশালার তাৎপর্য ব্যাখ্যা করেন। সাধারণ গৃহবধূ ও বাড়ির মহিলাদের বিজ্ঞান মনষ্ক হয়ে ওঠার বিষয়েও বক্তারা এদিন যথেষ্ট গুরুত্ব সহকারে আলোচনা করেন। বিভিন্ন খাবারের নিজস্ব গুনগুন বজায় রেখে রান্না করার ক্ষেত্রেও আলোচনা করা হয়। একটি কর্মশালার মাধ্যমে এদিন বাজারে বিক্রিত হরলিক্স বা সেরেল্যাকের মত হেল্থ ড্রিঙ্ক বানানো শেখান কস্তুরী মুখার্জি। ঘরে ঘরে বিজ্ঞান সম্মত উপায়ে খাবার তৈরির উপায়গুলি পৌঁছে দেবার জন্যই যে এই কর্মশালা সেকথা জোর দিয়ে তাঁর বক্তব্যে জানিয়েছেন নিস্তারিণী কলেজের সঙ্গীত বিভাগের অধ্যাপিকা পাপিয়া সরকার। এমনকি অধুনা বাজারের কেনা খাবার খেয়ে কিভাবে শিশুদের ক্ষুদামান্দ্য দেখা দিচ্ছে সেকথা বিশদ ভাবে ব্যাখ্যা করেন বিজ্ঞান মঞ্চের প্রবীন সদস্য দীনবন্ধু গোস্বামী।
এদিন কর্মশালার শেষে উপস্থিত সদস্যরা বিভিন্ন মরশুমী সব্জির পুষ্টিগুন বজায় রেখে কিভাবে রান্না করা যায়, সে বিষয়ে হাতে কলমে রান্না করে দেখান।

শেয়ার করুন

You cannot copy content of this page