নিজস্ব সংবাদদাতা, বরাবাজার: ১৭ আগষ্ট ২০২১
মঙ্গলবার সকালেই একদিকে যখন গোটা পুরুলিয়া জেলার মানুষ শ্রাবণ সংক্রান্তিতে মনসা দেবীর পুজোর তোড়জোড় শুরু করেছে, তখনই বরাবাজার ব্লকের তিনটি গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকায় “মাও” পোষ্টার উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল বরাবাজার সহ আশপাশের বহু স্থানে।

প্রসঙ্গত, মঙ্গলবার একেবারে সকাল হতেই বরাবাজার থানার বরাবাজার, তুমড়াশোল এবং বেড়াদা গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি এলাকায় বহু “মাও” পোষ্টার উদ্ধার হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালেই এইসব পোষ্টার গুলি দেখে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পরে পুলিশে খবর দেওয়া হয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলগুলিতে পৌঁছে পোষ্টারগুলি উদ্ধার করে বলেও জানা গিয়েছে। প্রতিটি পোষ্টারেই রাজ্যের শাসক দলের নেতা-নেত্রীদের দেখে নেওয়ার হুমকির পাশাপাশি তাঁদের টাকা নিয়ে জঙ্গলে দেখা করার বার্তাও লেখা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে আজকের এই পোষ্টারগুলির সঙ্গে আদৌ ‘মাওবাদীদের’ প্রকৃত অর্থেই কোন যোগাযোগ আছে কী না কিংবা কে বা কারা এইসব পোষ্টার সেঁটেছে সে বিষয়ে ইতিমধ্যেই জোর তদন্তে নেমেছে পুলিশ।
এক নজরে দেখে নেওয়া যাক আজ বরাবাজারের কোথায় কোথায় উদ্ধার হল “মাও” পোস্টারঃ—
১) কুকুচারী মোড়ঃ- বেড়াদা জিপি
২) কেররো ড্যামঃ– তুমড়াশোল জিপি
৩) জল ট্যাংকি মোড়ঃ– বরাবাজার জিপি
৪) রাজদহঃ– বরাবাজার জিপি
৫) মেটাল্যাঃ–তুমড়াশোল জিপি
৬) নিশ্চিন্তপুর মোড়ঃ– তুমড়াশোল জিপি
৭) পড়শ্যা গ্রামঃ– তুমড়াশোল জিপি



