নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ২৪ আগষ্ট ২০২১ঃ
মঙ্গলবার প্রাথমিক ২০১৪ সালের টেট উত্তীর্ণ ও প্রশিক্ষিত ( ডি এল এড ও বি এড) প্রার্থীরা পুজোর আগেই চাকরিতে নিয়োগের দাবিতে পুরুলিয়া শহরে মিছিল করার পাশাপাশি জেলা শাসককে একটি দাবিসনদও পেশ করেন। মিছিলে অংশগ্রহনকারী প্রার্থীদের দাবি ২০২০ সালের ১১ নভেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন রাজ্যে প্রায় ২০ হাজার টেট উত্তীর্ণ ও প্রশিক্ষিত প্রার্থী রয়েছেন। প্রাথমিকভাবে ফেব্রুয়ারি ২০২১-এর মধ্যে এঁদের মধ্যে ১৬ হাজার ৫০০ প্রার্থীকে নিয়োগ দেওয়া ছাড়াও ধাপে ধাপে সকল টেট উত্তীর্ণ ও প্রশিক্ষিত প্রার্থীকেই নিয়োগ দেওয়া হবে বলেও রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়।
মঙ্গলবার মিছিলে অংশগ্রহনকারী তথা ২০১৪ সালের টেট উত্তীর্ণ ও প্রশিক্ষিত প্রার্থী বরাবাজারের দেবাশিস মাহান্তি ও আড়ষার পিন্টু গরাইরা বলেন, রাজ্য প্রাথমিক শিক্ষা সংসদের পক্ষে পূর্ব প্রতিশ্রুতি মত ষে মেরিট লিস্ট তাদের সরকারি ওয়েব সাইটে প্রকাশ করা হয়েছে তাতে ১২ হাজার ৬৪২ জনের নাম রয়েছে। দেবাশিস মাহান্তি ও পিন্টু গরাইয়ের দাবি, এই লিস্টে ২০১৪ সালের টেট উত্তীর্ণ ও প্রশিক্ষিত বহু প্রার্থীকে সংযুক্তই করা হয় নি। অপর দুই প্রার্থী পুরুলিয়া শহরের সুদিপ্তী দত্ত ও বলরামপুরের মিঠুন কুমার বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর পূর্ব ঘোষণা মত ধাপে ধাপে ২০ হাজার প্রার্থীরই নিয়োগ হওয়ার কথা। কিন্তু কিছু দিন আগে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান তাঁর একটি ব্যাক্তিগত ওয়েব পেজে উল্লেখ করেন প্রাথমিকে নিয়োগের ক্ষেত্রে ১২ হাজার ৬৪২ জনের যে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে সেটাই চূড়ান্ত এবং এরপর আর কোন লিস্ট প্রকাশিত হবে না। মিঠুন কুমার ও সুদিপ্তী দত্তর প্রশ্ন তাহলে আমরা, যারা ২০১৪ সালের টেট উত্তীর্ণ ও প্রশিক্ষিত তারা বাদ পড়লাম কেন? দেবাশিস মাহান্তি ও পিন্টু গরাই বলেন রাজ্যজুড়ে এরকম প্রায় ৮ হাজার এবং পুরুলিয়া জেলায় প্রায় পাঁচশো এরকম প্রার্থী রয়েছেন যাঁরা ওই লিস্ট থেকে বাদ পড়েছেন। বিক্ষোভকারী প্রার্থীদের দাবি, রাজ্য সরকার ধাপে ধাপে সকল টেট উত্তীর্ণ ও প্রশিক্ষিত প্রার্থীদের নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। পুজোর আগেই যাতে আমাদের নিয়োগ হয়, সে বিষয়েই দাবি জানিয়ে এদিন জেলা শাসকের কাছে দাবিসনদ পেশ করা হল বলে জানিয়েছেন মিছিলে অংশগ্রহনকারী প্রার্থীরা।

