নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ২৬ আগষ্ট ২০২১ঃ

অবশেষে রাজ্য প্রশাসনের নির্দেশিকা প্রকাশের ৯ দিন পর আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার বুঝে নিল নতুন পুরুলিয়া পৌর বোর্ড। আজ, বৃহস্পতিবার (২৬ আগষ্ট ২০২১) সকাল ১০ টা নাগাদ পুরুলিয়া পৌরসভার গান্ধী সভাগৃহে বিদায়ী বোর্ডের হাত থেকে চার্জ নিলেন নব নিযুক্ত বোর্ডের প্রশাসক সহ প্রশাসক মন্ডলীর অন্য সদস্যরা। প্রসঙ্গত চলতি মাসের ১৬ তারিখ গভীর রাতে নব নিযুক্ত পুরুলিয়া পৌর বোর্ডের তালিকা প্রকাশ করে রাজ্য প্রশাসন। ওই তালিকা অনুযায়ী রাজ্য প্রশাসন নবেন্দু মাহালিকে পৌরসভার প্রশাসক হিসেবে নিযুক্ত করে সর্বমোট চারজন সদস্য বিশিষ্ট প্রশাসক মন্ডলীর নাম প্রকাশ করে।

আজ, বৃহস্পতিবার নব নিযুক্ত প্রশাসক সহ নতুন প্রশাসক মন্ডলীর সদস্যরা আনুষ্ঠানিকভাবে বিদায়ী বোর্ডের কাছ থেকে পুরুলিয়া পৌরসভার দায়িত্বভার গ্রহন করলেন। পৌর আইন মোতাবেক বিদায়ী সদস্যদের উপস্থিতিতে বোর্ড মিটিং-এর পরেই প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন নবেন্দু মাহালি। দায়িত্ব গ্রহনের পর তাঁর বক্তব্যে নবেন্দু বাবু জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতিক্রমে রাজ্য প্রশাসন কর্তৃক যে দায়িত্ব তাঁকে দেওয়া হয়েছে, এদিন বিদায়ী বোর্ডের কাছ থেকে নতুন বোর্ড তা বুঝে নিয়েছে। তিনি আরো বলেন, পুরুলিয়া পৌরসভার ২০ কোটি ৫৫ লক্ষ ৬৭ হাজার ২১১ টাকার দায় বা লায়বিলিটি সহ বিদায়ী বোর্ডের হাত থেকে তাঁরা দায়িত্ব নিয়েছেন। এছাড়াও ২০১০-১১ আর্থিক বর্ষ থেকে ১ কোটি ৯ লক্ষ ৮৭ হাজার ৫৩০ টাকার দায়ভার পৌরসভা বহন করছে বলেও এদিন জানিয়েছেন নব নিযুক্ত প্রশাসক। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নবেন্দু মাহালির দাবি পৌর কর বা খাজনার দীর্ঘদিনের বকেয়া আদায় ছাড়াও পুরুলিয়া পৌরসভার আয়ত্বাধীর অব্যবহৃত সম্পত্তি (ল্যান্ড এন্ড প্রপার্টি ও অন্যান্য) ব্যবহার করে, অপ্রয়োজনীয় ও অনুচিত খরচ কমানো ইত্যাদি পন্থা অবলম্বনের মাধ্যমে পৌরসভার নিজস্ব তহবিল বাড়ানোর বিষয়ে জোর দেওয়া হবে। তিনি বলেন, এর ফলে আর্থিক ঘাটতিও সামলে ওঠা সম্ভব।

পুরুলিয়া শহরের পানীয় জল সমস্যা বিষয়ে এদিন বলতে গিয়ে নবেন্দু মাহালি তাঁর বক্তব্যে জানিয়েছেন, পানীয় জলের সমস্যা মেটাতে শুধুমাত্র কাসাইয়ের উপর নির্ভরশীলতা না রেখে জলের অন্যান্য উৎস খোঁজার বিষয়েও কাজ করবে নতুন বোর্ড। তিনি দাবি করেন, ইতিমধ্যেই পানীয় জলের সমস্যা সমাধানে “জাইকা” প্রকল্পের কাজ যে চলছে, তা পুরুলিয়াবাসী জানেন। ফলে শহরের পানীয় জলের সমস্যা যে নতুন বোর্ড মেটাতে সক্ষম হবে এমনই আশ্বাস দিয়েছেন নবেন্দু বাবু। এদিন এই সরকারি কর্মসূচিতে পুরুলিয়া পৌরসভার প্রশাসক মন্ডলীর অপর দুই সদস্য মৌসুমী ঘোষ ও রেবতী রমন টুডু উপস্থিত থাকলেও এদিনই আরেক নব নিযুক্ত সদস্য রবি শঙ্কর দাসের মাতৃ বিয়োগের শ্রাদ্ধানুষ্ঠানের কারনেই যে রবি বাবু উপস্থিত থাকতে পারেন নি তা জানান প্রশাসক।

বিদায়ী প্রশাসক তথা প্রাক্তন সাংসদ মৃগাঙ্ক মাহাত এদিন নতুন বোর্ডের হাতে দায়িত্ব তুলে দিয়ে আগামীদিনে নতুন বোর্ডের কাজকর্মের বিষয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

শেয়ার করুন

You cannot copy content of this page