নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ২ সেপ্টেম্বর ২০২১ঃ
পশ্চিমবঙ্গ সরকার বর্তমান বছরে সমগ্র রাজ্যে ১১টি বিদ্যালয়কে “সেরা বিদ্যালয় পুরস্কার ২০২১” প্রদান করেছে। মূলত অতিমারির ভ্রুকুটিকে উপেক্ষা করে শিক্ষার্থীদের সার্বিক উৎকর্ষ সাধনের জন্য এই সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে বিশেষ স্বীকৃতি প্রদান করেছে রাজ্য সরকার। রাজ্যের এই ১১টি বিদ্যালয়ের মধ্যে রামকৃষ্ণ মিশন পরিচালিত যে তিনটি প্রতিষ্ঠান স্বীকৃতি লাভ করেছে তাদের মধ্যে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া অন্যতম। জেলা প্রশাসন তথা পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ সূত্রে জানা গিয়েছে, আগামী ৫ সেপ্টেম্বর ২০২১ সকাল ১১-০০টায় পুরুলিয়া জেলা শাসকের দপ্তরে রাজ্য সরকারের পক্ষ থেকে এই পুরস্কার প্রদান করা হবে বিদ্যালয় কর্তৃপক্ষকে।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৮ সালে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে একই সম্মাননা পেয়েছিল। এছাড়াও ১৯৯৩ সালেও ছাত্রকল্যাণে বিশেষ অবদানের জন্য পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ রাষ্ট্রপতি পুরস্কার লাভ করেছিল।
শেয়ার করুন