নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া: ০২ সেপ্টেম্বর ২০২১
পুরুলিয়ার সিধু-কানু-বীরসা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর (মাস্টার্স ডিগ্রি) পর্যায়ে কুড়মালি ভাষা শিক্ষা চালু করতে হবে। পূর্বাঞ্চল আদিবাসী কুড়মি সমাজের পক্ষে আজ, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে এই মর্মে দাবি সনদ পেশ করা হয়। সংগঠনের রাজ্য কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য রামেশ্বর মাহাত এবং রাজ্য কমিটির সম্পাদক শুভেন্দু মাহাত জানান, পুরুলিয়া জেলায় ইতিমধ্যেই লোলাড়ার রামানন্দ সেন্টেনারি কলেজ, আড়ষা কলেজ ও জারগোর চিত্ত মাহাত মেমোরিয়াল কলেজ (এই তিনটি কলেজ) থেকে এবছর ২৫ জন পড়ুয়া কুড়মালি ভাষায় স্নাতক স্তর উত্তীর্ণ হয়েছেন। সেই সমস্ত পড়ুয়াদের উচ্চ শিক্ষার জন্য অবিলম্বে বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ডিগ্রিতেও কুড়মালি ভাষা শিক্ষা চালু হওয়া একান্ত জরুরি। দাবি সংগঠনের। রামেশ্বর মাহাত বলেন, এই বিষযটির দাবি আমরা সাংগঠনিক ভাবে গত ২০১৮ সাল থেকেই জানিয়ে আসছি। শুভেন্দু মাহাতর দাবি, এবছর যাঁরা স্নাতক উত্তীর্ণ হয়েছেন তাঁরা স্নাতকোত্তর পর্যায়ের পঠনপাঠনও ঘরোয়া বিশ্ববিদ্যালয়েই করার বিষয়ে অধিক আগ্রহী। ফলে আগামী দশ দিনের মধ্যে সিধু-কানু-বীরসা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পর্যায়ে কুড়মালি ভাষার পঠনপাঠন চালু না হলে সংগঠনের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনে যাওয়া হবে বলেও জানিয়েছেন রামেশ্বর মাহাত এবং শুভেন্দু মাহাত। জানা গিয়েছে উপাচার্যের অবর্তমানে এদিন রেজিস্ট্রার নচিকেতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে এই দাবি সনদ পেশ করা হয়।


