নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ৫ সেপ্টেম্বর ২০২১ঃ
রবিবার দেশজুড়ে পালিত হচ্ছে শিক্ষক দিবস। সমাজের প্রকৃত মেরুদন্ড আপন আপন প্রিয় শিক্ষক-শিক্ষিকাদের এদিন প্রনাম কিংবা সম্মান জানাতে ব্যস্ত আপামর মানুষ। আর তাই, এদিন সকালেই নিজের প্রিয় ও শ্রদ্ধেয় শিক্ষক মশাইকে প্রনাম জানাতে সোজা তাঁর বাড়িতে ছুটে গেলেন বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাত। রবিবার সকালে পুরুলিয়া শহরের কুক্সকম্পাউন্ড এলাকার বাসিন্দা তথা পুরুলিয়া জিলা স্কুলের বাংলা বিষয়ের শিক্ষক তারাপদ গোস্বামীর বাড়ি গিয়ে তাঁর পদধুলি গ্রহন করলেন সুশান্ত মাহাত। বিধায়কের এই সৌজন্যতায় আবেগাপ্লুত হয়ে পড়েন জিলা স্কুলের বাংলা বিষয়ের শিক্ষক তারাপদবাবু। তিনি বলেন, বহু প্রাক্তন কৃতি ছাত্রই এখনো কোন কোন সময় দেখা করতে আসে। কিন্তু ছাত্রাবস্থার গন্ডী এতদিন আগে পেরিয়েও আজ সুশান্ত মাহাত যেভাবে তাঁর সঙ্গে দেখা করতে এসেছেন, তাতে তিনি যে আপ্লুত সেকথা অকপটে স্বীকার করেছেন তারাপদ গোস্বামী। বাঘমুন্ডির বিধায়ককে আশির্বাদ করে এদিন তারাপদ বাবু বলেন, সমাজের, মানুষের সেবা ও কল্যাণে সুশান্ত যেপথে গিয়েছে, সে পথে আজ সে নিজের গুণেই প্রতিষ্ঠিত। ভবিষ্যতে মানুষের কল্যাণে, সমাজের কাজে সুশান্ত মাহাত যে আরো বহুদূর এগিয়ে যাবেন, তাঁর তেমনই দৃঢ় বিশ্বাস বলে জানান তারাপদ গোস্বামী।

প্রসঙ্গত উল্লেখ্য, বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাত বাংলা বিষয়েই স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। নিজের প্রিয় “শিক্ষক মশাই” কে প্রনাম করে এদিন বিধায়ক সুশান্ত মাহাতর বক্তব্য, ছোটবেলার, স্কুল জীবনের থেকেই তিনি তারাপদ বাবুর ছাত্র। তারাপদ বাবুর শিক্ষাতেই জীবনের এতটা পথ অতিক্রম এবং ভবিষ্যতেও প্রিয় শিক্ষক মশাই যে আদর্শের শিক্ষা প্রদান করেছেন, সেই পথ ধরেই চলবেন নিজে। শিক্ষক-ছাত্রের এই আবেগঘন মূহুর্তে তেমনই জানান বাঘমুন্ডির বিধায়ক।
শেয়ার করুন