নিজস্ব সংবাদদাতা, বরাবাজার, ৬ সেপ্টেম্বর ২০২১ঃ

আবারও মাও নামাঙ্কিত পোষ্টার উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল বরাবাজার ব্লকের একাধিক এলাকায় ।সোমবার উদ্ধার হওয়া এইসব পোস্টারের মাধ্যমে বিএলএলআরও এবং মানবাজার মহকুমা শাসককে খুনের হুমকি ঘিরে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে বরাবাজার ব্লক জুড়ে। আধিকারিকরা সাধারণ মানুষকে হেনস্তা করছেন, তাই তাদের আদালতে তাঁরা অপরাধী, এই মর্মে লেখা হয়েছে পোস্টার। সাদা কাগজে লাল হরফে লেখা, “গণতন্ত্র বাঁচাতে আমাদের দলে যোগ দাও/ পুঞ্জিবাদ দূর করতে সাধারণ মানুষ এক হও/ আমরা আছি লাল সেলাম।/মানবাজার এস ডি ও সাবধান।” মৃত্যুর জন্য তৈরি হওয়ার মাওবাদী নামাঙ্কিত হুমকির এইসব পোস্টারগুলি সোমবার বরাবাজার থানার মানপুর, তিলাডি, বানজোড়া, শুকুরহুটু এলাকায় উদ্ধার করে পুলিশ। বিদ্যুতের খুঁটি সহ একাধিক বাড়ীর দেওয়ালে বাংলায় একাধিক লালকালিতে সাদা কাগজের ওপর সি পি আই মাওবাদী নামাঙ্কিত পোস্টারগুলি রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। পুঁজিবাদ দূর করতে সাধারন মানুষকে এক হওয়ার আহ্বান জানানো হয়েছে পোস্টার গুলিতে। এবিষয়ে পুরুলিয়ার জেলা শাসক রাহুল মজুমদার বলেন, পোস্টারগুলির সারবত্তা তদন্ত করে দেখবে পুলিশ। তিনি বলেন, বর্তমানে নির্দিষ্ট সময় অন্তর রাজ্য সরকারের কর্মসূচি অনুযায়ী আধিকারিকরা পরিষেবা নিয়ে দুয়ারে উপস্থিত। তবু কে বা কারা এই ধরনের পোস্টার দিচ্ছে, তা তদন্ত করে দেখবে পুলিশ।

শেয়ার করুন

You cannot copy content of this page