নিজস্ব সংবাদদাতা, মানবাজার: ৬ সেপ্টেম্বর ২০২১
ডাক্তার কিংবা বিশেষজ্ঞদের মতে করোনার তৃতীয় ঢেউ যে কোন সময় আছড়ে পড়তে পারে। বিগত দুটি স্টেজে ইতিমধ্যেই মানুষ দেখেছেন অক্সিজেনের অভাবে সাধারণ মানুষের প্রবল সমস্যার বিষয়টি। তাই তৃতীয় ঢেউ আসার আগেই অক্সিজেন যোগান থাকা একান্ত জরুরি। সেই কথা মাথায় রেখেই সোমবার লোকেশ্বরানন্দ আই ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় এবং মে আই হেল্প ইউ সংগঠনের উদ্যোগে সোমবার মানবাজার মহকুমা এলাকার এস আই অফিস, মহকুমা প্রেস ক্লাব সহ বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে ৬ টি অক্সিজেন কনসেনট্রেটার তুলে দেওয়া হল। মানবাজার-১ ব্লকের পাথরমহড়া প্রাথমিক বিদ্যালয়ে একটি ছোট্ট অনুষ্ঠানে কনসেনট্রেটারগুলি তুলে দিয়ে মে আই হেল্প ইউ-এর কর্তা অমিতাভ মিশ্র জানান, আগামী দিনে যে কোন পরিস্থিতিতে অক্সিজেনের অভাব মেটাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন মানবাজার মহকুমা শাসক শুভজিৎ বসু, মহকুমা ডিএমডিসি মনোজিৎ বসু এবং বিব্রত বিশ্বাস, মানবাজার-১ সমষ্টি উন্নয়ন আধিকারিক মোনাজ কুমার পাহাড়ি, মানবাজার থানার ভারপ্রাপ্ত আধিকারিক দীপঙ্কর সরকার, মানবাজার ৩ নং চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক নন্দদুলাল সিংহ সহ এলাকার বিশিষ্টজনেরা।



