নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া: ৮ সেপ্টেম্বর ২০২১

পুরুলিয়ার সিধু-কানু-বীরসা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরে (এম এ) চলতি শিক্ষা বর্ষ থেকেই কুড়মালি ভাষা শিক্ষা চালু হয়ে যাচ্ছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নচিকেতা বন্দোপাধ্যায় জানান, চলতি বছর থেকেই কুড়মালি ভাষায় এম এ কোর্সে পঠনপাঠন চালু করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তিনি আরো বলেন, জেলার যে তিনটি কলেজে ইতিমধ্যে কুড়মালি ভাষার বি এ কোর্সের পঠনপাঠন চালু ছিল, সেই সমস্ত কলেজ কর্তৃপক্ষ বিষয়ের অনার্স (বি এ) কোর্স চালু করার জন্যও ইতিমধ্যেই আবেদন জানিয়েছে।

প্রসঙ্গত, পূর্বাঞ্চল আদিবাসী কুড়মি সমাজ, আদিবাসী কুড়মি সমাজ (পুরুলিয়া জেলা কমিটি) সহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষে দীর্ঘদিন ধরেই সিধু-কানু-বীরসা বিশ্ববিদ্যালয়ে কুড়মালি ভাষায় এম এ কোর্সের পঠনপাঠন এবং জেলার বিভিন্ন কলেজে বিষয়ের অনার্স পঠনপাঠন চালু করার জন্য দাবি জানিয়ে আসছিল।

বিশ্ব বিদ্যালয়ে এম এ-তে কুড়মালি ভাষার পঠনপাঠন চালু হওয়ায় উপাচার্য সহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন পূর্বাঞ্চল আদিবাসী কুড়মি সমাজের রাজ্য কমিটির প্রাক্তন সম্পাদক তথা বর্তমানে কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য রামেশ্বর মাহাত। তবে একইসঙ্গে তাঁর বক্তব্য, ভাষার প্রতিষ্ঠার জন্য আমাদের দীর্ঘদিনের লড়াই এবং দাবি জেলার ২১ টি কলেজেই পাশ ও অনার্স কোর্সে কুড়মালি ভাষার পঠনপাঠন চালু হোক। কেননা স্নাতক স্তরে বিষয়টিতে যথেষ্ট পরিমাণে পঠনপাঠনের সুযোগ না থাকলে স্নাতকোত্তরে (এম এ) পড়বে কে?

শেয়ার করুন

You cannot copy content of this page