নিজস্ব সংবাদদাতা, ঝালদা: ৯ সেপ্টেম্বর ২০২১

আজ, বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের বিলগ্নীকরণ নীতির বিরোধিতা করে রাজ্যজুড়ে বিক্ষোভ অবস্থান করে ফরওয়ার্ড ব্লকের রাজ্য কমিটি। এই কর্মসূচির অধীন জেলার ঝালদা থানার বীরসা মোড়ে দলের পুরুলিয়া জেলা কমিটির পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ সহ একটি পথসভাও করা হয়।

এদিনের বিক্ষোভ অবস্থানে রেল, বীমা, কয়লা খনি, যোগাযোগ বিষয়ক রাস্ট্রায়ত্ত সংস্থাগুলিকে বেসরকারি হাতে বিক্রী করার কেন্দ্রীয় বিজেপি সরকারের নীতির বিরুদ্ধে সোচ্চার হন দলীয় নেতা-কর্মী ও বক্তারা। এদিন পথসভায় বক্তব্য রাখতে গিয়ে ফঃবঃ-র বক্তারা বলেন, রেল, ব্যাঙ্ক, বীমা, কয়লাখনি, যোগাযোগ বিষয়ক সংস্থা (বি এস এন এল), প্রতিরক্ষা বিষয়ক সরঞ্জাম তৈরীর কারখানা সহ বহু লাভজনক রাস্ট্রায়ত্ত সংস্থাকে বেসরকারি হাতে বিক্রি করে দেওয়ার চক্রান্তের মাধ্যমে জনগণের প্রতি রাষ্ট্রীয় দায়বদ্ধতা এড়াতে চায় কেন্দ্রের বিজেপি সরকার। এদিন বক্তারা মঞ্চ থেকে দাবি করেন, কেন্দ্রের বিজেপি পরিচালিত সরকার তাদের ঘোষণামত “মনিটাইজেশন” নামের আড়ালে আগামী কয়েক বছরের মধ্যেই রাস্ট্রায়ত্ত সম্পদ বেসরকারি হাতে বিক্রী করে বেশ কয়েক লক্ষ কোটি টাকা আদায় করার গভীর ষড়যন্ত্রে নেমেছে। এরকম ভাবে লাভজনক রাস্ট্রায়ত্ত সংস্থাগুলি অদূর ভবিষ্যতে বেসরকারি হাতে চলে গেলে দেশব্যাপী চূড়ান্ত বেকার সমস্যার সৃষ্টি হবে এবং অগণিত শ্রমিক-কর্মচারী কাজ হারিয়ে চরম আর্থিক সংকটে পড়বেন। ফলে দেশব্যাপী চূড়ান্ত অর্থনৈতিক মন্দা দেখা দেবে। এদিন বিক্ষোভ সমাবেশে দাবি ফঃবঃ-র বক্তাদের।

এদিন বীরসা মোড়ে বিক্ষোভ সমাবেশে কেন্দ্রীয় সরকারের “জনবিরোধী” বিলগ্নীকরণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে মানুষকে আহ্বান জানিয়ে বক্তব‍্য রাখেন জেলা সভাপতি স্বপন মহাথা, ধীরেন্দ্রনাথ মাহাতো, অজিত কুমার সাহু, মনোরঞ্জন ভট্টাচার্য, ছাত্রনেতা সৌরভ ভট্টাচার্য প্রমুখ।

শেয়ার করুন

You cannot copy content of this page