নিজস্ব সংবাদদাতা, বাঘমুন্ডি ও পুরুলিয়া:
১৫ সেপ্টেম্বর ২০২১

গত বিধানসভা নির্বাচনের আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যজুড়ে দুয়ারে রেশন প্রকল্প চালু করার কথা ঘোষণা করেছিলেন। সেইমতো আজ, বুধবার থেকে পুরুলিয়া জেলায় পরীক্ষামূলক ভাবে চালু হয়ে গেল দুয়ারে রেশন। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এদিন জেলার ১৬৬ টি রেশন দোকান থেকে এই পরীক্ষামূলক দুয়ারে রেশন প্রকল্প শুরু করা হয়েছে। দিনভর প্রবল বৃষ্টি ও দুর্যোগের মধ্যেই নিজেদের সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের রেশন সামগ্রী পৌঁছে দিয়েছেন ডিলাররা। এমনকি এদিন ছাতা মাথায় দিয়ে অযোধ্যা পাহাড়ের ওপরের গ্রামগুলিতে দুয়ারে রেশনের পাইলট প্রজেক্ট নিজে দাঁড়িয়ে থেকে পরিদর্শন করলেন খোদ পুরুলিয়ার জেলা শাসক রাহুল মজুমদার। তবে প্রবল বৃষ্টি ও দুর্যোগের জেরে প্রত্যন্ত গ্রামীণ এলাকায় রেশন সামগ্রী পৌঁছে দিতে এদিন কিছুটা বেগ পেতে হয় রেশন ডিলারদের। এদিন পুরুলিয়া জেলার কুড়িটি ব্লকের মোট ১৬০ টি রেশন দোকানে এবং পুরুলিয়া জেলার তিনটি পৌরসভা এলাকায় মোট ছটি রেশন দোকানে পরীক্ষামূলকভাবে প্রকল্পটি শুরু হয়। জেলা প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, এদিন জেলাশাসক নিজে অযোধ্যা পাহাড়ে যান। সেখানে এদিন চারটি রেশন দোকান থেকে গ্রামে গিয়ে রেশন সামগ্রী বিতরণ করা হয়। জেলাশাসক নিজে একাধিক জায়গায় রেশন সামগ্রী নিজের হাতে বাসিন্দাদের হাতে তুলে দেন। পুরুলিয়ার জেলা শাসক রাহুল মজুমদার বলেন, এদিন জেলার ১৬৬ টি জায়গা থেকেই সফলভাবে পরীক্ষামূলক দুয়ারে রেশন প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। তবে গ্রাহকদের অনেকেই এই মাসে সামগ্রী তুলে নিয়েছিলেন। যারা রেশন সামগ্রী তোলেননি গ্রামে গিয়ে তাঁদেরই তা পৌঁছে দেওয়া হয়েছে এদিন।

শেয়ার করুন

You cannot copy content of this page