নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ১৯ সেপ্টেম্বর ২০২১ঃ
বাড়ছে পুরুলিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে শিশু রোগীর সংখ্যা। আতঙ্ক ছড়িয়েছে জেলাজুড়ে। রবিবার তাই মেডিক্যালের চিকিৎসা পরিকাঠামো খতিয়ে দেখতে হাসপাতাল পরিদর্শন করেন পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের ভারপ্রাপ্ত মন্ত্রী তথা মানবাজারের বিধায়ক সন্ধ্যারাণী টুডু। প্রসঙ্গত বিগত কয়েকদিন যাবৎ পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশু রোগী ভর্তির সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে জেলাজুড়ে। রবিবার সকালে শেষ পাওয়া খবর অনুযায়ী হাসপাতালে ভর্তি হওয়া শিশু রোগীর সংখ্যা ২১৭। এদিকে রোগী ভর্তির অনুপাতে বেডের সংখ্যাও কম পুরুলিয়া মেডিক্যালে। ফলে রোগীর অভিভাবকদের মধ্যেও রীতিমত আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ গতকাল শনিবার জানিয়েছিলেন ওইদিন একধাক্কায় রোগীর সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। বেডের সংখ্যাও বাড়ানো হয়েছে। এদিকে বিষয়টি নিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি হওয়ায় রবিবার হাসপাতালের চিকিৎসা পরিকাঠামো খতিয়ে দেখতে যান মন্ত্রী সন্ধ্যারাণী টুডু। এদিন পরিদর্শনের পর মন্ত্রী সন্ধ্যারানি টুডু বলেন, মেডিক্যাল কলেজের সাধারণ সময়ের তুলনায় শিশু বিভাগের রোগীর সংখ্যা এখন অনেকটাই বেশি। সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ রয়েছে। এদিন হাসপাতালে চিকিৎসক, আধিকারিক এবং রোগীর আত্মীয়দের সঙ্গে কথা হয়েছে। বেডের তুলনায় রোগীর সংখ্যা বেশি থাকায় সমস্যা একটা রয়েছে সে কথা ঠিক। তবে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা আপ্রাণ চেষ্টা করছেন শিশুদের সুস্থ করে তোলার। সাধারণ জ্বর সর্দি নিয়ে অনেক শিশু ভর্তি রয়েছে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অনিল দত্ত জানান, জেলার প্রতিটি ব্লক হাসপাতালেরও খবরাখবর নেওয়া হচ্ছে প্রতিনিয়ত। পুরুলিয়া সদর ছাড়াও রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালেও ৬২ জন রোগী ভর্তি রয়েছে বলে জানান শ্রী দত্ত। তিনি আরো বলেন, জেলার বিভিন্ন ব্লক হাসপাতালে গড়ে প্রায় দশজন করে ভর্তি রয়েছে। অনিল দত্ত বলেন, জেলাজুড়ে চিকিৎসকের যথেষ্ট অভাব থাকা সত্ত্বেও চিকিৎসা পরিষেবায় কোন ঘাটতি রাখা হচ্ছে না।




