নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ২১ সেপ্টেম্বর ২০২১ঃ
আবারও মানবাজারের খাবারের দোকান, মিষ্টির দোকান ও হোটেল গুলিতে অভিযান চালালেন মানবাজার-১ নং ব্লকের খাদ্য সুরক্ষা আধিকারিক ও মানবাজার-১ নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন ধরেই অভিযোগ আসছিল মানবাজার শহর এলাকার বেশ কিছু মিষ্টির দোকানে মানা হচ্ছে না কোন খাদ্য সুরক্ষা নির্দেশ। সেই মোতাবেক আজ শহরের বিভিন্ন এলাকার মিষ্টির দোকান ও হোটেলগুলিতে অভিযান চালানো হয়। এদিন মানবাজার শহরের একটি আভিজাত মিষ্টির দোকানের মিষ্টির গুনগত মান নিয়ে দোকানের মালিককে কড়া ভাষায় সতর্ক করেন ব্লক খাদ্য সুরক্ষা আধিকারিক।
আজকে এই অভিযান চালানোর পাশাপাশি বেশকিছু দোকানের নমুনাও সংগ্রহ করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে মানবাজার এলাকার খাবারের দোকানের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে যথেষ্ট অসন্তোষ প্রকাশ করেন মানবাজার-১ নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মোনাজ কুমার পাহাড়ি।
এবিষয়ে মানবাজার-১ নং ব্লকের খাদ্য সুরক্ষা আধিকারিক সুমন দাস বলেন, গতবার ৪ ঠা আগষ্ট একটি অভিযান চালানো হয়েছিল গোটা মানবাজার শহর এলাকা জুড়েই। তারই পরিপ্রেক্ষিতে আবারও আজকে সাধারণ মানুষের সুরক্ষার কথা ভেবে এই অভিযান চালানো হলো। তবে খাবারের দোকানের এরকম অপরিচ্ছন্ন পরিস্থিতি দেখে পুজোর আগেই সমস্ত দোকানদারদের নিয়ে একটি বৈঠক ডাকারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান খাদ্য সুরক্ষা আধিকারিক।




