নিজস্ব সংবাদদাতা, বলরামপুর ও পুরুলিয়া, ২২ সেপ্টেম্বর ২০২১ঃ
বলরামপুর গ্রাম পঞ্চায়েতও হাতছাড়া হল বিজেপির। আজ বলরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কল্যাণী সিং সর্দার সহ বজরং দলের একাধিক নেতাকর্মী বুধবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। এদিন জেলা তৃণমূলের অফিসে তাদের হাতে দলের পতাকা তুলে দেন তৃণমূলের পুরুলিয়া জেলার সভাপতি সৌমেন বেলথোরিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন বলরামপুরের প্রাক্তন বিধায়ক শান্তিরাম মাহাত সহ জেলা তৃণমূলের একাধিক নেতা।
এদিন সৌমেন বাবু বলেন, গতকাল, মঙ্গলবারই বলরামপুর গ্রাম পঞ্চায়েতের চারজন বিজেপি সদস্য তৃণমূলে যোগ দিয়েছেন। বুধবার তৃণমূলে যোগ দিলেন প্রধান কল্যাণী সিং। ফলে এদিন থেকেই বলরামপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে এল। তিনি আরো বলেন, বলরামপুর গ্রাম পঞ্চায়েতের মোট ১৭ জন সদস্য। তারমধ্যে বিজেপির ১৩ জন এবং তৃণমূলের ৪ জন সদস্য ছিল। পরপর দুদিনে পঞ্চায়েতের প্রধান সহ মোট ৫ জন সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে তৃণমূলে যোগ দেওয়ার ফলে তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ালো মোট ৯ জন। এদিন ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান কল্যাণী সিং সর্দার বলেন, বিজেপি দলের প্রধান হওয়া সত্ত্বেও বিজেপির নেতাকর্মীরাই প্রতিনিয়ত আমাকে অপমান করত। দীর্ঘদিন অপমান সহ্য করেই দলে ছিলাম। আর সহ্য করা সম্ভব হল না। তৃণমূল দলে নির্দেশ মেনে কাজ করব।


