নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ২৭ সেপ্টেম্বর ২০২১ঃ

পুরুলিয়া-বাঁকুড়া ৬৪ এ রাজ্য সড়ক হয়ে পুরুলিয়া শহর ঢোকার মুখে তেলকল পাড়া ওভার ব্রিজ হয়ে শ্মশান ঘাট পর্যন্ত রাস্তায় স্ট্রিট লাইটের আলো কতটা রয়েছে, সন্ধ্যার পর এই রাস্তায় আরো কতটা আলোর প্রয়োজন, আজ রাত্রি ৮ টা নাগাদ এসব সরেজমিনে খতিয়ে দেখলেন পুরুলিয়া পৌরসভার প্রশাসক নবেন্দু মাহালি। একইসঙ্গে পুরুলিয়া বরাকর সড়কের উপর শহর ঢোকার মুখে গোশালা মোড় থেকে বোঙাবাড়ি শ্মশান ঘাট পর্যন্ত সড়কে আলোর পরিস্থিতিও সরেজমিনে দেখেন। প্রসঙ্গত, এই দুটি রাস্তা ধরেই পুরুলিয়া-২ ব্লকের সংলগ্ন গ্রামগুলি থেকে বহু মানুষ শহরে দিনমজুরির কাজ করতে আসেন প্রতিদিন। দীর্ঘদিন ধরে তাঁদের অভিযোগ ছিল এই রাস্তাতেই আলো কম। এমনকি কোথাও কোথাও একেবারেই নেই। ফলে সন্ধ্যার পর অন্ধকার পথ ধরে তাঁদের কাজের পর বাড়ি ফিরতেও চরম অসুবিধেয় পড়তে হয়। অধিকাংশ ক্ষেত্রেই সাইকেল আরোহী দিনমজুররা বাড়ি ফেরতা পথে অন্ধকারে দুর্ঘটনার শিকার হন। এদিন সরেজমিনে রাস্তা দুটিতে আলোর পরিস্থিতি খতিয়ে দেখে যেসমস্ত স্থানে আলো কম বা নেই সেসমস্ত স্থানে দ্রুত স্ট্রিট লাইট লাগানোর নির্দেশ দিয়েছেন পৌর প্রশাসক নবেন্দু মাহালি বলে পৌরসভা সূত্রে জানা গিয়েছে।

শেয়ার করুন

You cannot copy content of this page