নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ২৯ সেপ্টেম্বর ২০২১ঃ
আজ, বুধবার সারাদিনের প্রবল বর্ষণের কারণে সন্ধ্যায় পুরুলিয়া শহরের সাহেব বাঁধ সংলগ্ন সূর্য সেন পল্লীর রাস্তায় রাস্তায় জল জমে গেল। “ক্রমশঃ রাস্তার জল দু-আড়াই ফুট পর্যন্ত উঠে যায়” বাসিন্দাদের কাছ থেকে এই মর্মে খবর পেয়ে ডিসাস্টার ম্যানেজমেন্ট দপ্তরের কর্মীদের নিয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে ঘটনাস্থলে পৌঁছলেন পুরুলিয়া পৌরসভার প্রশাসক নবেন্দু মাহালি সহ পৌর প্রশাসক মন্ডলীর সদস্যরা। এদিন রাত্রি ৮ টা নাগাদ ঘটনাস্থল থেকে পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য রবি শঙ্কর দাস জানান, গোটা এলাকায় জলে ভরে গিয়েছে। রাস্তা থেকে জল স্থানীয় কিছু ঘরেও ঢুকছে। প্রবল বর্ষণে সূর্য সেন পল্লীতে একটি দেওয়ালও ধ্বসে গিয়েছে এদিন বলে জানা যায়। তবে কোন হতাহত হয় নি। রবি শঙ্কর দাস জানান, এলাকায় রাস্তার পাশের নিকাশি নর্দমা দখল করে বেশ কিছু অস্থায়ী নির্মাণের কারনেই জল নিকাশি নর্দমা দিয়ে জল বেরতে পারেনি। ডিসাস্টার ম্যানেজমেন্ট দপ্তরের কর্মীদের সহায়তা ও বুল্ডোজার জাতীয় মেশিনের সাহায্যে সেগুলি আপাতত তুলে দিয়ে এলাকায় জমে থাকা জল নিকাশির ব্যাবস্থার কাজ চলছে বলে জানান রবি শঙ্কর দাস ।




