নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ৫ অক্টোবর ২০২১ঃ
আন্তরাজ্য মোটর সাইকেল চোরাই চক্রের হদিশে বড়োসড় সাফল্য পেল পুরুলিয়া সদর থানার পুলিশ। বিশেষ অভিযান চালিয়ে উদ্ধার হয়েছে ৯টি নম্বর প্লেটবিহীন চোরাই মোটর সাইকেল ও ১টি মোটর সাইকেলের খোলা ইঞ্জিন । গ্রেফতার করা হয়েছে দুই অভিযুক্তকে। ধৃতদের বাড়ী পুরুলিয়ার জয়পুর থানার নারায়নপুর গ্রামে। ধৃতরা দুই ভাই। তাদের নাম ইন্তিয়াজ আনসারী (২৫) ও মনসুর আনসারী (২৮)। তাদের জয়পুর থানার চাষমোড় এলাকায় একটি মোটরসাইকেল রেপিয়ারিং-এর গ্যারেজ রয়েছে। সেখান থেকেই উদ্ধার হয় চুরি যাওয়া বাইক । কয়েকদিন ধরেই পুলিশের কাছে খবর আসছিল বাইক চুরির । এরপরই বিশেষ তদন্ত কমিটি গঠন করে বিভিন্ন জায়গায় সাদা পোশাকে নজরদারি চালানো শুরু করে পুলিশ । সেই অভিযানেই উঠে এলো এই বড়সড় সাফল্য। আজ, মঙ্গলবার একটি সাংবাদিক বৈঠক করে এই খবর দেয় পুরুলিয়া সদর থানার পুলিশ।

