নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ৬ অক্টোবর ২০২১ঃ

অতিমারি কোভিড-১৯ এদের পিতা-মাতাকে কেড়ে নিয়েছে। মা-বাবাকে হারালেও নিতান্তই শৈশবের দিনগুলিতে পুরুলিয়া জেলা প্রশাসন অবশ্য তাদের পাশে এসে দাঁড়াল। এরকম ৫২ জন শিশুদের উৎসবের দিনগুলি রঙীন করতে উপহার তুলে দেওয়া হল তাদের হাতে। আজ শহরের রবীন্দ্র ভবনে রাজ্য সরকারের পক্ষ থেকে পুরুলিয়া জেলা প্রশাসন “শৈশব সেই ই সব” নামাঙ্কিত একটি অনুষ্ঠানের আয়োজন করে। বিগত করোনা পরিস্থিতিতে অতিমারি জেলার যেসমস্ত শিশুর মা-বাবাকে কেড়ে নিয়েছে, তেমনই ৫২ জন শিশুকে উৎসবের উপহার তুলে দেয় পুরুলিয়া জেলা প্রশাসন। একইসঙ্গে জেলা নারী ও শিশু কল্যাণ দফতর এই ৫২ জন শিশুর প্রত্যেককে দু হাজার টাকা করে স্পনসরশিপও দিয়েছে। শুধু তাই নয়, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এদের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার কথাও ঘোষণা করেন এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে। এদিন পুরুলিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে কর্মসূচির প্রধান হোতা তথা পুরুলিয়ার জেলা শাসক রাহুল মজুমদার বলেন, ছোট ছোট পায়ে জীবনের বড় বড় যুদ্ধের দিকে এরা এগিয়ে চলেছে। এদের দু-চোখে স্বপ্ন বুনে দেওয়ার কাজ করবে পুরুলিয়া জেলা প্রশাসন। তিনি আরো বলেন, ভবিষ্যতের পথে এদের এগিয়ে যাওয়ার মন্ত্রে উদ্বুদ্ধ করতেই এই আয়োজন।উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়া জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ সৌমেন বেলথরিয়া, পুরুলিয়া জেলা পুলিশ সুপার এস সেলভা মুরুগণ, পুরুলিয়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ হলধর মাহাত সহ অন্যান্য সরকারি অধিকারীকরা। প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।

শেয়ার করুন

You cannot copy content of this page