নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ৮ অক্টোবর ২০২১ঃ
আগামী ২০২১ জনগণনায় প্রকৃতি পুজারী আদিবাসীদের সারনা ধর্মের কোড লাগু সহ আরো বেশ কয়েকটি অধিকারের দাবি নিয়ে শুক্রবার পুরুলিয়া জেলা শাসকের দপ্তরে ধর্ণা প্রদর্শন, ডেপুটেশন ও দাবিসনদ পেশ করল আদিবাসী সেঙ্গেল অভিযানের জেলা কমিটি। সংগঠনের পক্ষে জানানো হয়, পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, অাসাম ও ঝাড়খন্ড, এই পাঁচ রাজ্যের প্রধানত আদিবাসী জন বহুল জেলাগুলির জেলা শাসকদের মাধ্যমে দেশের রাষ্ট্রপতির উদ্দেশ্যে আদিবাসী জনগোষ্ঠীর বিভিন্ন সাংবিধানিক অধিকার রক্ষার্থে এদিন দাবি সনদ পেশ করা হয়। সেই কর্মসূচির অন্তর্গত শুক্রবার দুপুরে আদিবাসী সেঙ্গেল অভিযানের পুরুলিয়া জেলা কমিটির পক্ষ থেকে জেলাশাসক দপ্তরে দীর্ঘক্ষণ অবস্থান বিক্ষোভের পর জেলা শাসকের মাধ্যমে দেশের রাষ্ট্রপতির উদ্দেশ্যে দাবিসনদ পেশ করা হয়েছে। মূলতঃ ২০২১ সালের জনগণনায় প্রকৃতি পুজারী আদিবাসীদের সারনা ধর্মের কোড লাগু করা, হিন্দীভাষী রাজ্যে সাঁওতালি ভাষাকে হিন্দী ভাষার সঙ্গে প্রথম ভাষার মান্যতা প্রদান করা, আদিবাসী সম্প্রদায়ভুক্ত বিভিন্ন জনজাতির ভাষাকে সংবিধানের অষ্টম সূচিতে অন্তর্ভুক্ত করা, সি এন টি ও এস টি পি আইন রক্ষার্থে সিধো মুর্মু ও বিরসা মুন্ডার বংশধরদের সম্মান, সুরক্ষা ও সমৃদ্ধির উদ্দেশ্যে দুটি ট্রাস্ট গঠন, সিধো মুর্মুর বংশধর রামেশ্বর মুর্মু ও রূপা তিকীর হত্যার সি বি আই তদন্তের নির্দেশ জারি সহ এদিন প্রায় ৭ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।




