নিজস্ব সংবাদদাতা, বলরামপুর ও পুরুলিয়া, ১৪ অক্টোবর ২০২১ঃ
না ফেরার দেশে চলে গেলেন পুরুলিয়ার গর্ব তথা নাটুয়া নৃত্য শিল্পী হাড়িরাম কালিন্দী। আজ, বৃহস্পতিবার সকাল ৭ টায় পুরুলিয়া দেবেন মাহাত সদর হাসপাতাল ও মেডিক্যাল কলেজে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৬ বছর। মানভূম কালচারাল অ্যাডেমির পক্ষে হংসেশ্বর মাহাত জানিয়েছেন, হাড়িরাম কালিন্দীর জীবনাবসান লোক শিল্পে অপূরনীয় ক্ষতি।
আদপে বলরামপুর থানার পাড়দার বাসিন্দা ছিলেন এই প্রখ্যাত নাটুয়া শিল্পী। জেলা, দেশ, রাজ্য ছাড়িয়ে নাটুয়া লোক নৃত্যকে আন্তর্জাতিক মঞ্চে এক অন্যতম মাত্রায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে হাড়িরাম কালিন্দীর অবদান অনশ্বীকার্য। নাটুয়া নৃত্যে বিশেষ অবদানের জন্য রাষ্ট্রপতির হাত থেকেও পুরস্কৃত হয়েছেন হাড়িরাম কালিন্দী। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকেও সঙ্গীত-নাট্য মেলার মঞ্চে পুরস্কৃত হয়েছেন তিনি। এছাড়াও রাজ্য ও রাজ্যের বাইরে বহু সংগঠন এবং সংস্থা হাড়িরাম কালিন্দীকে পুরস্কৃত করেছে। নাটুয়া নাচে অনুষ্ঠান করতে একাধিকবার তিনি দেশ ছাড়িয়ে বিদেশ যাত্রাও করেছেন সেখানের সংগঠন বা সংস্থার আমন্ত্রণে।
গত প্রায় সপ্তাহ তিনেক আগে মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে অসুস্থ হয়ে পড়লে হাড়িরাম কালিন্দীকে পুরুলিয়া দেবেন মাহাত সদর হাসপাতাল ও মেডিক্যাল কলেজে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখানে তিনদিন চিকিৎসা চলার পর মানভূম কালচারাল অ্যাডেমির তত্ত্বাবধানে উন্নততর চিকিৎসার জন্য তাঁকে দুর্গাপুর মিশন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্ত টানা ১৫ দিন চিকিৎসার পরও তাঁর অবস্থার উন্নতি না হওয়ায় পুনরায় হাড়িরাম কালিন্দীকে পুরুলিয়া দেবেন মাহাত সদর হাসপাতাল ও মেডিক্যাল কলেজে ভর্তির জন্য পাঠানো হয়। গত পরশু, মঙ্গলবার তাঁকে পুনরায় পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। আজ, বৃহস্পতিবার সকাল ৭ টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিন ছেলে ও শোক সন্তপ্ত পরিবার বর্গ সহ হাড়িরাম কালিন্দী রেখে গেলেন অগণিত গুনমুগ্ধদের। এদিন সদর হাসপাতাল থেকে হাড়িরাম কালিন্দীর দেহ বিশেষ শববাহী যানে তাঁর বাড়ি পাড়দদায় পৌঁছে দেওয়ার বিষয়ে বিশেষ ব্যবস্থা করেন পুরুলিয়া পৌরসভার প্রশাসক নবেন্দু মাহালি।

