নিজস্ব সংবাদদাতা, পাড়া, ২১ অক্টোবর ২০২১ঃ
সাঁওতালডি স্পোর্টস অ্যান্ড কালচারাল ক্লাবের লক্ষ্মী পুজোটি এবছর ৩৫ বছরে পড়ল। সাঁওতালডি থানার অন্তর্গত বিরসা চকের এই লক্ষ্মী পুজো আশপাশের এলাকা ছাড়াও ওয়াসারী পেরিয়ে ঝাড়খণ্ড রাজ্যেও বিশেষ জনপ্রিয়। বেশ পুরনো এই লক্ষ্মী পুজোতে পুজো উদ্যোক্তাদের তত্ত্বাবধানে প্রতি বছর মেলাও বসে। তবে কোভিড পরিস্থিতিতে গত বছর থেকে সরকারি বিধি নিয়মের আওতায় পুজোর আড়ম্বরে বেশ কিছুটা ঘাটতি পড়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
এবছর এই পুজোর থিম “করোনা প্রাথমিক বিদ্যালয়”। উদ্যোক্তাদের বক্তব্য, বিগত প্রায় দুটি বছরের কাছাকাছি সময়ে কোভিড পরিস্থিতিতে বিদ্যালয়ের পড়ুয়াদের, বিশেষত প্রাথমিক স্তরের পড়ুয়াদের শিক্ষা ক্ষেত্রে ব্যপক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। সাম্প্রতিক এই জলন্ত সামাজিক সমস্যাটিকে জনসমক্ষে পুজোর থিমের মাধ্যমে তুলে ধরার প্পয়াস করা হয়েছে বলে জানান ক্লাবের সদস্যরা। উদ্যোক্তাদের দাবি, এমনিতে তাঁদের এই লক্ষ্মী পুজো দেখতে বহু দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা ভিড় করেন প্রতি বছর। তবে কোভিড বিধির কারনে গত বছর থেকে তাঁরা সরকারি বিধিকে মান্যতা দিয়েই পুজোর আয়োজন করছেন বলে জানান।



