নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ২২ অক্টোবর ২০২১ঃ
পুরুলিয়ায় সেঞ্চুরি হাঁকালো ডিজেল। কয়েকদিন আগেই সেঞ্চুরি হাঁকিয়েছে পেট্রোল। এবার ডিজেলের দামও একশো পেরোল জেলাতে। শুক্রবার ঝালদার পেট্রোল পাম্পগুলিতে ডিজেলের দাম একশো পের করলো। এদিন ঝালদা শহরে প্রতি লিটার ডিজেলের দাম হয়েছে ১০০.০৯ টাকা (পেট্রোল প্রতি লিটার ১০৮.৮৮ টাকা)। ঝালদার কাঠজুড়ি ও স্কুলমোড়ে এদিন প্রতি লিটার ডিজেলের দাম হয়েছে ১০০.১৪ টাকা (পেট্রোল প্রতি লিটার ১০৮.৯৫ টাকা)। এদিন পুরুলিয়া শহর ও হুড়াতেও প্রতি লিটার ডিজেলের দাম প্রায় সেঞ্চুরি ছুঁয়েই ফেলেছে। শুক্রবার শহরের অধিকাংশ পেট্রোল পাম্পে প্রতি লিটার ডিজেল বিক্রি হয়েছে ৯৯.৬৬ টাকায়। অন্যদিকে হুড়াতে প্রতি লিটার ডিজেলের দাম এদিন হয়েছে ৯৯.৪১ টাকা। যানবাহন বিশেষত পাবলিক ট্রান্সপোর্ট নিয়ে জ্বালানি ভরতে আসা গ্রাহকরা এদিন ডিজেলের দাম সেঞ্চুরি ছুঁয়ে ফেলায় রীতিমত উদ্বেগ প্রকাশ করে বলেন, জিনিসপত্রের পরিবভন খরচও বৃদ্ধি পেতে পারে। পুরুলিয়া-ঝালদা-বেগুনকোদর গামী এক বেসরকারি বাসের কন্ডাক্টর বলেন, ডিজেলের দাম এভাবে বাড়তে থাকলে যাত্রী ভাড়াও বাড়বে। এদিকে বিষয়টি যে খুব শীঘ্রই জেলার আর্থ-সামাজিক পরিস্থিতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে এমনই মনে করছেন জেলার অভিজ্ঞ মহল ।

