নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ২ নভেম্বর ২০২১ঃ

কালীপূজোর আগেই সবজি বাজার অগ্নিমূল্য। দাম বেড়েছে ফুলকপি,বাঁধাকপি, টম্যাটো থেকে শুরু করে সব রকম সব্জিরই। কিন্তুু অস্বাভাবিক এই মূল্যবৃদ্ধি কেন তা খতিয়ে দেখতেই আজ মানবাজার কিষাণ মান্ডিতে যৌথভাবে অভিযান চালালেন মানবাজার-১ নং ব্লকের খাদ্য সুরক্ষা দপ্তর ও কৃষি দপ্তরের আধিকারিকেরা। এদিন অভিযান দলের নেতৃত্ব দেন মানবাজার-১ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক। ছিলেন মানবাজার থানার পুলিশ আধিকারিকেরাও।

জানা গিয়েছে, বিগত বেশ কয়েকদিন ধরেই ব্লকের সরকারি আধিকারিকদের কাছে অভিযোগ আসছিলো যে বাজারে সামগ্রীর মূল্য লাগাম ছাড়া। বিশেষত পাইকারি ও খুচরো ব্যাবসায়ীদের মধ্যে দামের বিস্তর ফারাক রয়েছে বলেও অভিযোগ। যার জেরে রীতিমত সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। তাই মঙ্গলবার এই সরকারি আধিকারিকরা একযোগে এই অভিযান চালিয়েছেন বলে জানা গিয়েছে। জানা গিয়েছে এই অভিযান চলাকালীন স্থানীয় বাজারে
বিক্রেতাদের কথাবার্তাতেও অনেক অসংগতি খুঁজে পেয়েছেন আধিকারিকেরা। আজ এই অভিযানের পাশাপাশি কিষাণমান্ডিতে খাবারের দোকানের অপরিচ্ছন্নতা নিয়েও দোকানদারদের বিশেষভাবে ধমক দিয়েছেন খাদ্য সুরক্ষা আধিকারিক সুমন দাস।

এবিষয়ে মানবাজার-১ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মোনাজ কুমার পাহাড়ি  জানান, বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে বলে অভিযোগ আসছিলো। এদিন সেটাই খাতিয়ে দেখা হয়েছে। কৃষি আধিকারিক অর্ক রায়চৌধুরী বলেন, পাইকারি ও খুচরো দামে যথেষ্ট গরমিল রয়েছে। সবজির মূল্য নিয়ন্ত্রণে অতি দ্রুত ব্যবস্থা নিচ্ছি আমরা। এবিষয়ে বাজার করতে আসা এক ক্রেতা তরুন কুমার বাউরী এদিন বলেন, ফুলকপি ৭০, বাঁধাকপি ৪০ টাকা দিয়ে কিনতে হচ্ছে। যথেষ্ট অসুবিধা হচ্ছে আমাদের। তবে  তারাপদ বাউরি নামে এক খুচরো ব্যাবসায়ী বলেন, আমাদের কিছু করার নেই। আমাদেরও চড়া দামে পাইকারদের কাছ থেকে কিনতে হচ্ছে। তারপর চাষীর মাল এখন নেই।

শেয়ার করুন

You cannot copy content of this page