নিজস্ব সংবাদদাতা, বাঘমুন্ডি, ১১ নভেম্বর ২০২১ঃ
হাতির হানায় মৃতের পরিবারের হাতে রাজ্য সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণের টাকা তুলে দিলেন বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাত। ঘটনা আজ, বৃহস্পতিবার সকালের। এদিন সকালে অযোধ্যা পাহাড়ের বাঁধডি গ্রামে হাতির হানায় মৃতের পরিবারের হাতে রাজ্য সরকারের পক্ষ থেকে আড়াই লক্ষ টাকার চেক তুলে দিলেন বাঘমুন্ডির বিধায়ক। এছাড়াও উপস্থিত ছিলেন পুরুলিয়ার ডি এফ ও দেবাশীষ শর্মা সহ বনদপ্তরের অন্যান্য আধিকারিকেরা।

এদিন সুশান্তবাবু বলেন, গত মে মাসের ২৮ তারিখ হাতির হানায় বুদ্ধেশ্বর সিং মুড়ার মর্মান্তিক মৃত্যু হয়েছিল। তাঁর মৃত্যুর পর রাজ্য সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণের প্রথম কিস্তির আড়াই লক্ষ টাকা আগে দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার সকালে দ্বিতীয় কিস্তির বাকি আড়াই লক্ষ টাকার চেক মৃতের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। সরকারি অন্যান্য সুযোগ-সুবিধাও যাতে ওই পরিবার ঠিকমতো পায় সে বিষয়ে বনদপ্তরের আধিকারিকদের পাশাপাশি আমাদেরও নজর রয়েছে বলে জানান বিধায়ক সুশান্ত মাহাত। তিনি আরো বলেন, রাজ্য সরকার সব সময় ওই পরিবারের পাশে রয়েছে। প্রয়াত বুদ্ধেশ্বর বাবুর পরিবারের সদস্যদের সুবিধা-অসুবিধার খোঁজ নেওয়ার পাশাপাশি তাঁদের যেকোনো রকম সমস্যায় আমাদের জানানোর কথা বলে এসেছি।
শেয়ার করুন