নিজস্ব সংবাদদাতা,পুরুলিয়া, ১ ডিসেম্বর ২০২১ঃ
গত ৬ বছরে পুরুলিয়া জেলাতে রাজ্য সরকারের ‘সবুজ সাথী’ প্রকল্পের পাঠানো সাইকেলের মধ্যে প্রায় তিন হাজারেরও বেশি সাইকেলের হদিশ নেই। বিপুল সংখ্যক সাইকেল কোথায় গেল তাঁর খোঁজ শুরু হয়েছে প্রশাসনিক মহলে। জেলার সমস্ত হাইস্কুলের প্রধান শিক্ষক এবং টিআইসিদের কাছ থেকে গত ৬ বছরে ওই স্কুলে কতজন ছাত্রছাত্রী সাইকেল পেয়েছে সেই তথ্য যাচাই শুরু করেছেন জেলা প্রশাসনের কর্তারা।
জেলা প্রশাসন এবং সবুজ সাথী প্রকল্পের নিজস্ব ওয়েবসাইট থেকে জানাগিয়েছে,২০১৫ সাল থেকে সবুজ সাথী প্রকল্পে সাইকেল বিতরণ শুরু হয়। মোট ৭ টি ধাপে ২০১৫ সাল থেকে এখনও পর্যন্ত পুরুলিয়া জেলাতে মোট ৪ লক্ষ ৮ হাজার ৫৭৭ টি সাইকেল বিতরণ করা হয়েছে বলে ওয়েবসাইটে উল্লেখ রয়েছে। প্রথম ধাপে ৮৬ হাজার ৩৪৪ টি, দ্বিতীয় ধাপে ৩৫ হাজার ৫৮০ টি, তৃতীয় ধাপে ৯৩ হাজার ৯৭৯ টি, চতুর্থ ধাপে ৪৯ হাজার ৪৯৬ টি, পঞ্চম ধাপে ৫২ হাজার ৪৯৪ টি, ষষ্ঠ ধাপে ৬৩ হাজার ১৫১ টি এবং সপ্তম ধাপে ২৭ হাজার ৫৩৩ টি সাইকেল বিতরণ করা হয়। ষষ্ঠ ও সপ্তম ধাপের অর্থাৎ ২০২০-২১ এবং ২০২১-২২-এর সাইকেল বিতরণ এখনও চলছে। জেলা প্রশাসন সূত্রে আরও জানাগিয়েছে, সবুজ সাথী প্রকল্পে পুরুলিয়া জেলাতে রাজ্য থেকে পাঠানো সাইকেল এবং জেলাতে সাইকেল বিতরণের হিসাবের মধ্যে গরমিল চোখে পড়েছে দপ্তরের আধিকারিকদের। তারপরই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছেন প্রশাসনের কর্তারা।

অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তর এবং ওয়েস্ট বেঙ্গল এসসি-এসটি-ওবিসি ডেভেলপমেন্ট এন্ড ফিনান্স কর্পোরেশন সবুজ সাথী প্রকল্পের সাইকেল বিতরণের ‘নোডাল’ ডিপার্টমেন্ট। এবিষয়ে পুরুলিয়া ১ ব্লকের অন্তর্গত একজন প্রধান শিক্ষক বলেন, গত কয়েকদিন ধরে বিভিন্ন স্কুল কর্তৃপক্ষকে ডেকে গত ৬ বছরের সবুজ সাথী প্রকল্পের সাইকেলের হিসাব নেওয়া হচ্ছে। বিস্তারিত কিছু জানি না। এবিষয়ে পুরুলিয়া-১ বিডিও অনিরুদ্ধ ঘোষ বলেন, সবুজ সাথী প্রকল্পে পুরুলিয়া-১ ব্লকে কিছু সংখ্যক সাইকেলের হিসাব মিলছিল না। মোট যে পরিমান সাইকেল এসেছে এবং বিতরণের যে সংখ্যা ওয়েবসাইটে আপলোড হয়েছে তাতে গরমিল ছিল। তবে স্কুল ভিত্তিক মাস্টার রোলের হিসাব নিয়ে তা মিলে গিয়েছে। অনেকেই সাইকেল বিতরণ করলেও তা আপলোড না করাতেই সমস্যা দেখা দিয়েছিল।
এবিষয়ে এসসি-এসটি-ওবিসি ডেভেলপমেন্ট এন্ড ফিনান্স কর্পোরেশনের পুরুলিয়া জেলার ম্যানেজার সুব্রত কুমার বর্মন বলেন, এনিয়ে বিশেষ বলার কিছু নেই। এটি একটি প্রশাসনিক কাজ। ঠিক কত সংখ্যক সাইকেলের বিষয়ে তথ্য যাচাই চলছে তা বলতে চাননি সুব্রতবাবু। তবে তিনি বলেন, শিক্ষকরা তথা স্কুলের পক্ষ থেকে আপলোড করার কাজে কিছু সমস্যা ছিল। আপলোড করা হচ্ছে। ধীরে ধীরে হিসাবও মিলছে। তবে তথ্য যাচইয়ের কাজ এখনও শেষ হয়নি। কাজ চলছে।
শেয়ার করুন