নিজস্ব সংবাদদাতা, রঘুনাথপুর, ২ ডিসেম্বর ২০২১ঃ

বৃহস্পতিবার অস্থায়ী কর্মীদের বিক্ষোভের জেরে উত্তাল হল রঘুনাথপুর পৌরসভা চত্বর। জানা গিয়েছে, বেতন বৃদ্ধি সহ আরো বেশ কিছু দাবি নিয়ে এদিন রঘুনাথপুর পৌরসভার অস্থায়ী কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন। এদিন বিক্ষোভকারীদের মধ্যে পৌরসভার অস্থায়ী কর্মী ভোলানাথ কর্মকার, লক্ষীকান্ত পান্ডেরা জানান, রঘুনাথপুর পৌরসভার অস্থায়ী কর্মীদের দৈনিক ১৪১ টাকা বেতন দেওয়া হয়।

সরকারি নির্দেশ অনুযায়ী সেই বেতন বৃদ্ধি করে দৈনিক ২৮৬ টাকা বেতনের দাবি জানানো হয়েছে বলে বিক্ষোভকারীদের পক্ষে জানা গিয়েছে। তাছাড়াও বিক্ষোভকারীদের অভিযোগ, সরকারি নির্দেশ অনুযায়ী তাঁদের বেতনও দেওয়া হচ্ছে না, অথচ অন্যদিকে গোপনে পৌরসভায় নতুন করে অস্থায়ী কর্মী নিয়োগ করা হচ্ছে। নতুন করে কর্মী নিয়োগ বন্ধের দাবিও এদিন বিক্ষোভকারীদের পক্ষে জানানো হয়েছে বলে জানান ভোলানাথ কর্মকার সহ অন্যান্যরা। যদিও নতুন কর্মী নিয়োগের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে রঘুনাথপুর পৌরসভার প্রশাসক তরণী বাউরি জানিয়েছেন, কোন নতুন কর্মী নিয়োগ করা হয়নি।

শেয়ার করুন

You cannot copy content of this page