নিজস্ব সংবাদদাতা, বরাবাজার, ২ ডিসেম্বর ২০২১ঃ

গত ২৬ শে নভেম্বর পটমদার ধুসরা গ্রামের কাছে পথ দুর্ঘটনায় মারা যান বরাবাজার ব্লকের চারজন পরিযায়ী শ্রমিক। আজ বৃহস্পতিবার মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানানোর পাশাপাশি তাঁদের আর্থিক সাহায্যও করলেন রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প দপ্তরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো। এদিন তিনি সকাল ১১.৩০ টা নাগাদ প্রথমে বরাবাজারের সিন্দরী গ্রামে দুর্ঘটনায় নিহত নির্মল মাহাত ও দুর্যোধন মাহাতর বাড়িতে যান। তাঁদের বিধবা স্ত্রী সহ পরিজনদের সমবেদনা জানানোর পাশাপাশি আর্থিক সহযোগিতা করেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। পরে তিনি পার্শ্ববর্তী লাকা গ্রামের নিহত বিষ্টু মাহাতর বিধবা স্ত্রী ও পরিবারের লোকজনের সাথে দেখা করেন ও আর্থিক সহযোগিতা করেন। শেষে শ্রীকান্ত মাহাতো ওই একই দুর্ঘটনায় নিহত বান্দোয়ানের বারুডি গ্রামের কৃত্তিবাস মাহাতোর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে আর্থিক সাহায্য করেন। এদিন মন্ত্রীর সঙ্গে ছিলেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হংসেশ্বর মাহাতো, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা তথা পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষা অঞ্জনা মাহাত , পুরুলিয়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষা নিয়তি মাহাত এবং বরাবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি লম্বোদর মাহাত, বান্দোয়ানের বিধায়ক রাজীব লোচন সোরেন, বান্দোয়ান ব্লক তৃণমূল সভাপতি রঘুনাথ মাঝি সহ বরাবাজার ও বান্দোয়ান ব্লকের স্থানীয় নেতৃত্বরা।

https://youtu.be/xI2tIR6y-Jk
শেয়ার করুন

You cannot copy content of this page