নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ৪ ডিসেম্বর ২০২১ঃ
পুরুলিয়া জেলা বইমেলায় এবছর মোট বই বিক্রি ৭০ লক্ষ টাকা ছাড়িয়ে গেল। গতকাল (শুক্রবার)-ই ছিল সাত দিনের পুরুলিয়া জেলা বইমেলার শেষ দিন। পুরুলিয়া জেলা বইমেলা কমিটির এক ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত যা হিসেব হয়েছে তাতে দেখা গিয়েছে ৭১ লক্ষ টাকার কিছু অধিক এবছর বইয়ের বিক্রি হয়েছে। যার মধ্যে আনুমানিক ৫৮ লক্ষ টাকার বই কিনেছেন জেলার সাধারণ পাঠক ও বইপ্রেমীরা। এছাড়া জেলার বিভিন্ন গ্রন্থাগারগুলি এবছর বইমেলা থেকে মোট বই ক্রয় করেছে প্রায় ১২ লক্ষ টাকার। সূত্রে আরো জানা গিয়েছে, এবছর পুরুলিয়া বইমেলায় বইয়ের নতুন ক্রেতা হিসেবে পাওয়া গিয়েছে জেলার কন্যাশ্রীদের। জেলার কন্যাশ্রীদের অধিক সংখ্যায় বইমুখো করার এক অভিনব উদ্যোগ নিয়েছিলেন পুরুলিয়ার জেলা শাসক রাহুল মজুমদার। প্রত্যেক ব্লক থেকে গাড়ি করে কন্যাশ্রী পড়ুয়াদের বইমেলা ঘোরানোর বিশেষ বন্দোবস্ত করে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন ব্লকের কন্যাশ্রী ক্লাবগুলিও বইমেলায় বহু বই ক্রয় করেছে বলে সূত্রে জানা গিয়েছে। বইমেলা কমিটির ওই ঘনিষ্ঠ সূত্রের দাবি, এখনও হিসেব চলছে। সব মিলিয়ে আরো দু-এক লক্ষ টাকার বিক্রির হিসেবে বৃদ্ধি হতে পারে বলে ওই সূত্রের দাবি।
শেয়ার করুন