নিজস্ব সংবাদদাতা, বাঘমুন্ডি, ২৯ ডিসেম্বর ২০২১ঃ
“খারাপ চা” বিক্রি করেই বাজিমাত করছে প্রকাশ মাহাত। তা-ও আবার রীতিমত দোকানের সামনে “খারাপ চা” – এর পোষ্টার সেঁটে। বাঘমুন্ডির লহরিয়া শিব মন্দির সংলগ্ন পর্যটন কেন্দ্রে প্রকাশ মাহাতর চা-এর দোকানের এমনই আজব কাহিনী। লহরিয়া শিব মন্দির সংলগ্ন পর্যটন কেন্দ্রের কাছে টিনের সেড করে প্রকাশ মাহাতর ছোট গুমটি দোকান অনেকদিনের। দোকানে চা, কফি, কোল্ড-ড্রিঙ্ক, বিস্কুট, প্যাকেজড স্ন্যাক্স এসব বিক্রি করেন। পর্যটনের মরশুমে দোকানের কেনা-বেচাও বেশ জমে ওঠে।
তবে ইদানিং প্রকাশ মাহাতর চা-এর দোকানের বাইরে পোষ্টার পড়েছে, “খারাপ চা-৫ টাকা”। নজর কাড়া পোষ্টার দেখে প্রকাশ বাবুর সঙ্গে কথা বলতেই জানা গেল, এটা লেখার পরেই তাঁর দোকানে চা-এর খদ্দেরও বেড়েছে। তিনি বলেন, আগে পোষ্টার লেখা ছিল, “স্পেশাল চা” বলে। প্রকাশ বাবুর দাবি, কিছুদিন পরে আশপাশের অনেক দোকানদারই নাকি একই রকম লেখা লিখে পোষ্টার সেঁটে দেন, কপি করার মত। তখনই তাঁর মাথায় আসে “খারাপ চা” কথাটা লেখার। প্রকাশ মাহাত বলছেন, এটা লেখার পর চা-এর খদ্দের বেশি আসছেন।

