নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ৩০ ডিসেম্বর ২০২১ঃ
আজ, বৃহস্পতিবার মানবাজার গ্রাম পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ তুলে মানবাজার শহরে মিছিল করল সিপিআইএম। পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছাড়াও জেলাজুড়ে এদিন বিক্ষোভ মিছিল ও পথসভার দলীয় কর্মসূচিও ছিল সিপিআইএম-এর। কলকাতা কর্পোরেশনের সদ্য সমাপ্ত নির্বাচনে কমিশনের পরোক্ষ মদতে শাসক দল তৃণমূল নির্বিচারে ভোট লুঠ করেছে বলে অভিযোগ বামপন্থীদের। এর প্রতিবাদে এবং রাজ্যের অবশিষ্ট পৌর নির্বাচন যাতে অবাধ ও শান্তিপূর্ণ হয় তার দাবি নিয়ে বুধবার সিপিআইএম তথা বামপন্থীরা কলকাতায় কমিশন অফিস ঘেরাও করলে অনৈতিকভাবে বামপন্থীদের পুলিশ গ্রেপ্তার করে বলে অভিযোগ। তারই প্রতিবাদে আজ জেলাজুড়ে সিপিআইএম-এর বিক্ষোভ মিছিল ও পথসভার কর্মসূচি পালিত হয়। আগামী ৫ জানুয়ারি একাধিক দাবি-দাওয়া নিয়ে পুরুলিয়ার জেলা শাসক দপ্তর অভিযান কর্মসূচি রয়েছে। এদিনের মিছিল থেকে সেই অভিযান কর্মসূচি সফল করারও ডাক দেওয়া হয়। এছাড়াও আগামী ৬ জানুয়ারি রাজ্য ক্ষেত মজুর সমাবেশকে সফল করতেও এদিন মিছিল থেকে আহ্বান জানান বামপন্থী নেতারা। বৃহস্পতিবার সিপিআইএম-এর বিক্ষোভ মিছিলে প্রায় পাঁচ শতাধিক কর্মী-সমর্থকেরা সমবেত হয়েছিলেন বলে দলীয় সূত্রে দাবি। এদিন মানবাজার শহরের সিপিআইএম-এর মিছিলকে নেতৃত্ব দেন মানবাজার বিধানসভার প্রাক্তন বিধায়ক সাম্য পিয়ারী মাহাত, সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের পুরুলিয়া জেলা সম্পাদক ত্রিদিব চৌধুরী, দলীয় নেতা প্রদীপ চৌধুরী প্রমুখ।


