নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ৫ ডিসেম্বর ২০২২ঃ

জেলার দৈনিক করোনা সংক্রমণ সেঞ্চুরি ছুঁতে যাচ্ছে। মঙ্গলবার একদিনেই জেলাতে নতুন করে মোট ৯৪ জনের শরীরে করোনা সংক্রমণ পজিটিভ পাওয়া গিয়েছে বলে জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে। যার মধ্যে ১৮ বছরের নিচে ৫ জন, ১৮ থেকে ৪৪ বছরের মধ্যে ৫৫ জন এবং ৪৫ ও ততোধিক বয়সের ৩৪ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গিয়েছে বলে জানা যায়। মঙ্গলবার পর্যন্ত পুরুলিয়া জেলায় মোট সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১৯০ জন। পুরুলিয়া পৌর এলাকায় সংক্রমণের হার সবচেয়ে বেশি। মঙ্গলবার পর্যন্ত পৌর এলাকার সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ । সোমবার পর্যন্ত পৌর শহরে মাত্র ২৭ জন আক্রান্ত থাকলেও মঙ্গলবার একদিনেই শহরে নতুন করে করোনা পজিটিভ কেস পাওয়া গিয়েছে ৩৯ জনের। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে পুরুলিয়া পৌর শহরের পরই সংক্রমণ সবচেয়ে বেশি নিতুড়িয়া ব্লকে (মঙ্গলবার পর্যন্ত ২২) এবং কাশীপুরে (মঙ্গলবার পর্যন্ত ১৩)। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে জেলাতে সুস্থতার হার ৯৮.৪০ শতাংশ এবং মৃত্যুর হার ০.৬০ শতাংশ। জানা গিয়েছে মঙ্গলবার জেলায় মোট ১৩৮১ জনের করোনা পরীক্ষা (আর টি পি সি আর এবং আর এ টি) করা হয়। মঙ্গলবার যতটা নমুনা পরীক্ষা করা হয়েছে তার ৬.১৫ শতাংশই মাত্র পজিটিভ কেস বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর।

শেয়ার করুন

You cannot copy content of this page