নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ৬ জানুয়ারি ২০২২ঃ

গতকাল, বুধবার জেলা প্রশাসন পুরুলিয়া জেলার ৯ টি বিধানসভার নতুন ভোটার তালিকা প্রকাশ করল। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশিত নির্ঘন্ট অনুযায়ী গত ১ নভেম্বর ২০২১ থেকে নতুন ভোটার তালিকা প্রস্তুতির কাজ শুরু হয়েছিল। বুধবার পরিমার্জিত নতুন ভোটার তালিকা সর্বসাধারণের জন্য প্রদর্শিতও হয় প্রশাসনের পক্ষে। নতুন নির্বাচক তালিকা অনুযায়ী জেলার ৯ টি বিধানসভায় মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ লক্ষ ১০ হাজার ৬৩৮ জন। যার মধ্যে ১১ লক্ষ ১৭ হাজার ১০৩ জন মহিলা, ১১ লক্ষ ৭১ হাজার ২২৯ জন পুরুষ এবং ১৮ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। বিগত দিনের তুলনায় জেলার ৯ টি বিধানসভায় পুরুষ ভোটারের সংখ্যায় যেখানে বৃদ্ধি হয়েছে ১৩ হাজার ৬১৩ জন, সেখানে মহিলা ভোটারের সংখ্যায় বৃদ্ধি ঘটেছে ২২ হাজার ৩০৬ জন। মহিলা ও পুরুষ ভোটারের জেন্ডার রেসিও ৯৭৩। এই রেসিও রাজ্যের গড়ে(৯৬৬)-র তুলনায় অনেকটাই বেশি বলে প্রশাসনিক রিপোর্টে উল্লেখ। জানা গিয়েছে গতকাল ২৪৯৯ টি বুথের সবকটিরই ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। জেলা প্রশাসনের পক্ষে জানানো হয়েছে ভোটার্স পোর্টাল, এন ভি এস পি পোর্টাল অথবা সরকারি ভোটার হেল্প লাইন অ্যাপ থেকে নির্বাচকরা নিজেদের ক্রমিক সংখ্যা ও অন্যান্য বিষয়গুলি জানতে পারবেন।

শেয়ার করুন

You cannot copy content of this page