নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ৮ জানুয়ারি ২০২২ঃ

শুক্রবার, একদিনে ডবল সেঞ্চুরি পার করল করোনা। ওইদিনই পুরুলিয়া জেলাজুড়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৩২ জন। যা রীতিমত চিন্তার ভাঁজ ফেলেছে জেলা প্রশাসনের কপালে। একই সঙ্গে সংক্রমণ ঠেকাতে জেলার সর্বত্র কঠোরভাবে কোভিড সংক্রান্ত সরকারি বিধি লাগু করতে লাগাতার অভিযানও চালাচ্ছেন প্রশাসনিক আধিকারিক ও স্বাস্থ্যকর্মীরা বলে জানা গিয়েছে। জেলা প্রশাসনের রিপোর্ট অনুযায়ী শুক্রবার পর্যন্ত জেলাতে মোট সংক্রমণের শিকার ৭৭৪ জন। যার মধ্যে পুরুলিয়া পৌর এলাকাতেই ২২৯ জন। গতকালই নতুন করে আক্রান্ত ৮২ জন। শুক্রবার রেল শহর আদ্রাতে সংক্রমণ আচমকা বৃদ্ধি পেয়েছে বলে জানা গিয়েছে। শুক্রবার পর্যন্ত মোট ৫১ জন। বৃহস্পতিবার পর্যন্ত আদ্রায় সংক্রমণের সংখ্যা ছিল ২৯। অথচ শুক্রবারই সেখানে নতুন করে আক্রান্ত ২২ জন। আদ্রার মতই রঘুনাথপুর-১ ব্লকেও সংক্রমণ আচমকা বেড়ে যাওয়ায় কোভিড বিধি-নিষেধ লাগু করতে ও মানুষকে সচেতন করতে কোমর বেঁধে নেমেছে মহকুমা প্রশাসন। জানা গিয়েছে মাসের শুরুতে এই ব্লকে সংক্রমণ তেমন চোখে না পড়লেও গত দু-তিন দিনেই সংক্রমণ বেশি বৃদ্ধি পেয়েছে। শুক্রবার পর্যন্ত রঘুনাথপুর-১ ব্লকে মোট করোনা আক্রান্ত ৪৯ জন বলে রিপোর্টে উল্লেখ। অন্যদিকে প্রথম থেকেই পুরুলিয়া পৌর শহরের সঙ্গে পাল্লা দিয়ে জেলার সংক্রমণের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে নিতুড়িয়া ব্লক। শুক্রবার পর্যন্ত ব্লকে মোট ৭১ জন করোনা আক্রান্ত হলেও এই ব্লকে বিগত দুদিনে দৈনিক সংক্রমণ কিছুটা কমেছে বলে মনে করছে স্বাস্থ্য দফতর।

শেয়ার করুন

You cannot copy content of this page