নিজস্ব সংবাদদাতা, ঝালদা, ৮ জানুয়ারি ২০২২ঃ
সকাল সকাল অবৈধ কয়লার বিরুদ্ধে অভিযান। আর তাতেই সফল ঝালদা থানার পুলিশ। আজ, শনিবার ঝালদা থানার পুলিশের হাতে আটক হল অবৈধ কয়লা সহ দুজন।
ঝালদা থানা সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে আজ সকাল সকাল অভিযান চালায় পুলিশ। আর অভিযানের ফলে ঝালদা থানার ঝাড়খন্ড সীমানায় হেশাহাতু গ্রাম পঞ্চায়েতের সেওয়াতি জঙ্গল থেকে সাড়ে চার টন কয়লা আটক করা হয়। জানা গিয়েছে, ক’দিন ধরেই পুলিশ তার গোপন সূত্র মারফত খবর পাচ্ছিল যে ঝাড়খন্ড সীমানা সংলগ্ন সেওয়াতি জঙ্গল এলাকায় সাইকেলে লোড করে করে কয়লা জমা করা হচ্ছে। সেই কয়লা জেলার বিভিন্ন ইট ভাটায় দেওয়া হচ্ছে বলেও পুলিশের কাছে খবর আসে। পুলিশ আরো জানতে পারে চোরা পথে এই কয়লা পার্শ্ববর্তী ঝাড়খন্ড রাজ্য থেকে এনে জমা করা হচ্ছে ক’দিন ধরে।
আজ সকাল সকাল অভিযান চালিয়ে ৩ টি সাইকেল ও সাড়ে চার টনের মতো কয়লা সহ দুইজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। জানা গিয়েছে, বাকিরা পলাতক। পুলিশ জানিয়েছে, কয়লার কোন বৈধ নথি না থাকায় বাজেয়াপ্ত করা হয়েছে। এই অবৈধ কারবারে আরো কারা জড়িত, সে বিষয়ে জোর তদন্ত শুরে করেছে ঝালদা থানার পুলিশ।
শেয়ার করুন