নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ১২ জানুয়ারি ২০২২ঃ
জেলা স্বাস্থ্য দফতরের বুধবারের রিপোর্ট অনুযায়ী জেলাতে মঙ্গলবার পর্যন্ত মোট কোভিড আক্রান্ত ১৩১৯। মঙ্গলবার নতুন করে সংক্রমণের শিকার হয়েছেন ২৬২ জন। তবে একইসঙ্গে এদিন সুস্থতাতেও বড় সাফল্য এসেছে জেলায়। জানা গিয়েছে হাসপাতালে কোভিড চিকিৎসাধীন ২১২ জনকে মঙ্গলবার সম্পূর্ণ সুস্থ করে ছুটিও দিয়ে দেওয়া হয়েছে। জেলার সুস্থতার হার ৯৩.০১ শতাংশ বলে রিপোর্টে উল্লেখ। অন্যদিকে প্রশাসনের পক্ষে বিভিন্ন সচেতনতা মূলক প্রচার ও কড়া কোভিড বিধি লাগু হওয়ার কারণে জেলাজুড়ে ষাটোর্ধ কোভিড সংক্রমণ ব্যাক্তির সংখ্যা বিশেষ ভাবে নিয়ন্ত্রণ করা গিয়েছে বলে মনে করছে স্বাস্থ্য দফতর। এ পর্যন্ত জেলাতে মাত্র ১১৯ জন ষাটোর্ধ কোভিড পজিটিভ রয়েছেন। তবে তাঁদের রোগও নিয়ন্ত্রণে বলে জানা গিয়েছে। পুরুলিয়া পৌর এলাকায় কোভিড আক্রান্তের সংখ্যা জেলায় সর্বাধিক। মঙ্গলবার পর্যন্ত মোট ৩৯২। এরপরই রয়েছে আদ্রা। সেখানে ৯৯ জন সংক্রমণের শিকার হয়েছেন মঙ্গলবার পর্যন্ত। মঙ্গলবার জেলায় মোট ১১৯২ নমুনা পরীক্ষা (আর টি পি সি আর এবং আর এ টি) করা হয়েছে বলে জেলা স্বাস্থ্য দফতরের রিপোর্টে উল্লেখ।

