নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ১২ জানুয়ারি ২০২২ঃ
চার বছরের শিশুর কাটা আঙুল জোড়া লাগিয়ে শল্য চিকিৎসায় নজির গড়ল পুরুলিয়া দেবেন মাহাত সদর হাসপাতাল ও মেডিক্যাল কলেজ। ঝালদা থানার মাহাত মারার এক চার বছরের শিশুর ডান হাতের কেটে যাওয়া অনামিকা (রিং ফিঙ্গার) জোড়া লাগলেন পুরুলিয়া দেবেন মাহাত সদর হাসপাতালের শল্য চিকিসক পবন মন্ডল। জানা গিয়েছে গত ৭ নভেম্বর মাহাত মারার এক চার বছরের শিশু আখ কাটতে গিয়ে নিজের ডান হাতের অনামিকার সামনের দিকটি কেটে ফেলে। একেবারে দুভাগ হয়ে যায় আঙুলের সামনের অংশ। আহত অবস্থায় শিশুটিকে প্রথমে ঝালদা ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে পুরুলিয়া সদর হাসপাতালে রেফার করেন। পুরুলিয়া দেবেন মাহাত সদর হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আখ কাটার ধারাল অস্ত্রে শিশুটির ডান হাতের অনামিকাটি কেটে দুভাগ হয়ে যায়। পুরুলিয়া দেবেন মাহাত সদর হাসপাতালে চিকিৎসক পবন মন্ডলের তত্ত্বাবধানে ওই কাটা আঙুলের শল্য চিকিৎসা করা হয়। এরপর টানা দুমাস ধরে নিয়মিত ওই জোড়া লাগানো আঙুলের পোস্ট অপারেটিভ ট্রিটমেন্ট চলতে থাকে বলে জানিয়েছেন পবন মন্ডল। তিনি বলেন, গত শুক্রবার, ৭ জানুয়ারি শেষবার আঙুলটি পরীক্ষা করে দেখা যায় সেটি সম্পূর্ণ রূপে জোড়া লেগে গিয়েছে। আর কোন সমস্যা নেই। এরকম একটি বিরল শল্য চিকিৎসায় সাফল্য নজির সৃষ্টি করল বলে মনে করছেন অভিজ্ঞ মহল।




